একাত্তর ইস্যুতে পাকিস্তানের দাবির সঙ্গে একমত নয় ঢাকা: পররাষ্ট্র উপদেষ্টা
একাত্তরের অমীমাংসিত বিষয়গুলো নিয়ে পাকিস্তানের দাবির সঙ্গে ঢাকা একমত নয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
রোববার (২৪ আগস্ট) দুপুরে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশ-পাকিস্তান বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
আরও পড়ুন: রিয়াদে বিমানবন্দর বন্ধ, ঢাকায় আটকা প্রায় ৩ হাজার যাত্রী
সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “একাত্তর ইস্যুতে আমরা একমত হলে তো সমস্যার সমাধান হয়ে যেত। বৈঠকে আমরা আমাদের অবস্থান জানিয়েছি, তারা তাদের অবস্থান জানিয়েছে।”
তিনি আরও বলেন, “৫৪ বছরের সমস্যা নিশ্চয়ই একদিনের বৈঠকে সমাধান হবে না। তবে আমরা তিনটি বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরেছি। এর মধ্যে একটি বিষয়ে খানিকটা অগ্রগতি হয়েছে। দুই পক্ষই একমত হয়েছে যে, অমীমাংসিত বিষয়গুলো সমাধান করতেই হবে।”
আরও পড়ুন: রিয়াদে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় জানাল সরকার
বাংলাদেশের অবস্থান তুলে ধরে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “আমরা চাই হিসেব-নিকাশের মাধ্যমে আর্থিক ইস্যুর সমাধান হোক। আমরা চাই, ১৯৭১ সালের গণহত্যার জন্য পাকিস্তান দুঃখপ্রকাশ করুক এবং ক্ষমা চাইুক। পাশাপাশি, যারা বাংলাদেশে আটকে আছে, তাদের ফেরত নেওয়ার দায়িত্বও পাকিস্তানকে পালন করতে হবে।”
তিনি জানান, বৈঠকে দুই দেশের বহুমাত্রিক সম্পর্ক আরও দৃঢ় করার ওপরও গুরুত্বারোপ করা হয়েছে। বিশেষ করে বাণিজ্য ও বিনিয়োগ খাতে সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে, যা দুই দেশের জনগণের জন্য কল্যাণ বয়ে আনবে।
তৌহিদ হোসেন বলেন, “গত সরকারের আমলে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ইচ্ছাকৃতভাবে পিছিয়ে রাখা হয়েছিল। তবে আমরা চাই পাকিস্তানের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক—যেমনটা আমরা অন্যান্য বন্ধুপ্রতিম দেশের সঙ্গে চাই।”
উল্লেখ্য, বৈঠকের পর পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার দাবি করেন, একাত্তরের অমীমাংসিত বিষয় দুইবার সমাধান হয়েছে। একই সঙ্গে তিনি অতীত ভুলে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।





