সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার খবর গুজব ভিত্তিহীন: প্রেস সচিব
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) শতাধিক সেনা কর্মকর্তার বিরুদ্ধে নতুন করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে যাচ্ছে— সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি দাবি সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব বলে উড়িয়ে দিয়েছে অন্তর্বর্তী সরকার।
শনিবার (১১ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, এ ধরনের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন, গুজব। আইসিটির চিফ প্রসিকিউটরের কার্যালয় থেকে আমাদের জানানো হয়েছে যে, অতিরিক্ত কোনো প্রতিরক্ষা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পরিকল্পনা নেই।
আরও পড়ুন: নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি, গভীর শোক প্রধানমন্ত্রীর তারিক রহমানের
প্রেস সচিব জনগণকে এ ধরনের ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য বিশ্বাস না করার আহ্বান জানিয়ে বলেন, দেশের সাধারণ জনগণ, বিশেষ করে সশস্ত্র বাহিনীর ভেতরে বিভ্রান্তি সৃষ্টির জন্য ইচ্ছাকৃতভাবে এসব অপপ্রচার করা হচ্ছে।
তিনি আরও বলেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশকে অস্থিতিশীল করাই এসব গুজবের মূল উদ্দেশ্য।
আরও পড়ুন: বম্বে সুইটসের পাঁচ মসলাসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের
সম্প্রতি ডিজিএফআই (ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স) বাতিল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্যকেও ভিত্তিহীন বলে উল্লেখ করেন প্রেস সচিব।
তিনি বলেন, সরকার ডিজিএফআই বাতিলের কোনো পরিকল্পনা নেয়নি। বরং সংস্থাটির কার্যক্রম আরও কার্যকর করতে সীমান্ত ও বৈদেশিক গোয়েন্দা তৎপরতার ওপর গুরুত্ব বাড়ানোর জন্য সংস্কারের বিষয়টি বিবেচনা করছে।





