ইবতেদায়ি শিক্ষকদের ওপর পুলিশের জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৬:৪৯ অপরাহ্ন, ২৯ অক্টোবর ২০২৫ | আপডেট: ১২:৪৯ পূর্বাহ্ন, ৩০ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর প্রেসক্লাব এলাকায় স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশ জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। এতে অন্তত ৪৩ জন শিক্ষক আহত হয়েছেন এবং তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

আরও পড়ুন: রিয়াদ বিমানবন্দরে হুথিদের প্রাণঘাতী হামলায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ

বুধবার (২৯ অক্টোবর) দুপুর সোয়া দুইটার দিকে শিক্ষকরা প্রেসক্লাবের সামনে থেকে ভুখামিছিল শুরু করে সচিবালয়ের দিকে রওনা দেন। কিছু দূর এগোতেই তারা পুলিশের বাধার মুখে পড়েন। সচিবালয়ের দিকে অগ্রসর হওয়ায় পুলিশ জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে শিক্ষকদের ছত্রভঙ্গ করে দেয়। ঘটনার পর শিক্ষকেরা আশপাশ এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যান।

আরও পড়ুন: সৌদিগামী ২ ফ্লাইট স্থগিত, যাত্রীদের বিমানবন্দরে যেতে নিষেধাজ্ঞা

শাহবাগ থানার প্যাট্রোল ইনস্পেক্টর সরদার বুলবুল আহমেদ বলেন, “ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা জোর করে সচিবালয়ের দিকে যেতে চাইছিলেন। তাদের বোঝানো সত্ত্বেও তারা মানেননি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

উল্লেখ্য, স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা দীর্ঘদিন ধরে তাদের প্রতিষ্ঠানের জাতীয়করণ, বেতন কাঠামো ও অন্যান্য সুবিধা প্রদানের দাবিতে আন্দোলন করে আসছেন।