‘শাপলা কলি’ নয়, ‘শাপলা’ই চায় এনসিপি
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দাবি জানিয়েছে, তারা ‘শাপলা কলি’ নয়, ‘শাপলা’ প্রতীকেই নির্বাচন করতে চায়। দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, “আমরা বরাবরই বলে আসছি, এনসিপি শাপলা চায়। এনসিপি শাপলা নিয়ে নির্বাচন করবে। শাপলার প্রশ্নে আমরা আপসহীন।”
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকালে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে দলের যুব সংগঠন জাতীয় যুবশক্তি আয়োজিত ‘জুলাই সনদের বাস্তবায়ন এবং জাতীয় নির্বাচন কোন পথে’ শীর্ষক সেমিনারে এ কথা বলেন তিনি।
আরও পড়ুন: শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থীর মৃত্যু, নির্বাচন স্থগিত
নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করে বলেন, “আজ নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে নিবন্ধিত রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের প্রতীকের তালিকা প্রকাশ করা হয়েছে। এতে ‘শাপলা কলি’সহ বেশ কিছু প্রতীক সংযোজন ও বিয়োজন করা হয়েছে। অথচ এনসিপি দীর্ঘদিন ধরে শাপলাকে দলীয় প্রতীক হিসেবে দাবি জানিয়ে আসছে।”
তিনি ইসিকে উদ্দেশ করে আরও বলেন, “আপনারা তালিকায় শাপলাকে দ্রুত অন্তর্ভুক্ত করে এনসিপির অধিকার বুঝিয়ে দিন। ইতিমধ্যে আপনারা আমাদের অনেক দেরি করিয়েছেন— বিএনপি ও জামায়াতকে সুবিধা দিতে এবং জনগণের শক্তিকে দমন করতে।”
আরও পড়ুন: ঢাকায় ৫.৯ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল মিয়ানমার
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “এই সব খেলা বন্ধ করেন। যদি এসব বন্ধ না করেন, তাহলে আমরা ইলেকশন কমিশনের সামনে গিয়ে গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে আপনাদের পদত্যাগ করাতে বাধ্য হব।”
এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, “এনসিপি দলের মার্কা ‘শাপলা’ করতে চেয়েছিল, কিন্তু গেজেটভুক্ত হয়েছে ‘শাপলা কলি’। এটি করে ইসি এনসিপির ওপর একটি মনস্তাত্ত্বিক চাপ তৈরি করতে চাচ্ছে।”
তিনি আরও বলেন, “নির্বাচন কমিশন কোনো আইনি বা সাংবিধানিক ব্যাখ্যা ছাড়াই এটি করেছে। এই নির্বাচন কমিশনের পুনর্গঠন ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।”
সেমিনারে জাতীয় যুবশক্তির আহ্বায়ক মো. তারিকুল ইসলাম সভাপতিত্ব করেন। এছাড়া বক্তব্য দেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, যুগ্ম সদস্যসচিব জহিরুল ইসলাম মুসা, ও যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ প্রমুখ।





