শেখ হাসিনার বাসভবন’ হচ্ছে জুলাই জাদুঘর, অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:৫৬ অপরাহ্ন, ৩০ অক্টোবর ২০২৫ | আপডেট: ৫:১৩ অপরাহ্ন, ১৫ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনকে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ হিসেবে ঘোষণা করা হয়েছে। এ লক্ষ্যে প্রণীত অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে অধ্যাদেশটির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

আরও পড়ুন: মোহাম্মদপুর চার রাস্তার মোড়ে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ

এরপর বিকেলে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

তিনি বলেন, “আগে যে ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী ছিলেন, গণহত্যার দায়ে যার বিচার চলছে, তার ব্যবহৃত সরকারি বাসভবন গণভবনকে এখন জুলাই জাদুঘর হিসেবে ঘোষণা করা হয়েছে।”

আরও পড়ুন: রিয়াদ বিমানবন্দরে হুথিদের প্রাণঘাতী হামলায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ

আসিফ নজরুল আরও বলেন, “এটি হবে সম্পূর্ণ স্বতন্ত্র একটি জাদুঘর, যা জাতীয় জাদুঘরের কোনো শাখা বা উপশাখা নয়। এই জাদুঘরের ঐতিহাসিক গুরুত্ব ও জাতীয় আবেদন বিবেচনায় একে পৃথক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

তিনি আরও জানান, অধ্যাদেশের আওতায় দেশের বিভিন্ন স্থানে থাকা ‘আয়নাঘর’গুলোও জুলাই জাদুঘরের শাখা জাদুঘর হিসেবে সম্প্রসারণ করা যাবে।