নৌকা-ধান-লাঙল বুকে নিয়ে কেউ ঘুমায় না, কিন্তু হাতপাখা সবাই বুকের ওপর রাখে: শায়খে চরমোনাই

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:১১ অপরাহ্ন, ০৩ নভেম্বর ২০২৫ | আপডেট: ৫:১১ অপরাহ্ন, ০৩ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ও শায়খে চরমোনাই মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, “নৌকা-ধান-লাঙল বুকে নিয়ে কেউ ঘুমায় না, কিন্তু হাতপাখা সবাই বুকের ওপর রাখে।”

রোববার (৩ নভেম্বর) বিকেলে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার পাটবাজারে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ শাখার উদ্যোগে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আরও পড়ুন: গভীর রাতে রাজধানীর পাড়া মহল্লায় আইজিপির পরিদর্শন অভিযান

মুফতি ফয়জুল করিম বলেন, “যারা নৌকা নিয়ে ভোটে যায়, তারা নৌকা চালাতে পারে না। যারা ধান নিয়ে ভোটে যায়, তারা ধান কাটতে জানে না। যারা লাঙল নিয়ে ভোটে যায়, তারাও লাঙল চালাতে জানে না। কিন্তু এ দেশে এমন একটি প্রতীক আছে, যা ধনী-গরিব, হিন্দু-মুসলমান—সবাই ব্যবহার করতে জানে। আর সেটা হলো হাতপাখা। কারণ, কারেন্ট ফেল করলেও হাতপাখা ফেল করে না।”

তিনি আরও বলেন, “হাতপাখার বিজয় মানে ইসলামের বিজয়, এ দেশের সব শ্রেণির মানুষের বিজয়, এবং শান্তির বিজয়। তাই সময় এসেছে হাতপাখার বাংলাদেশ গড়ার।”

আরও পড়ুন: সেনাবাহিনীর শীর্ষ ৬ পদে রদবদল

গণসমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও ময়মনসিংহ–৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মুফতি হাবিবুল্লাহ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা সাঈদুর রহমান সাঈদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি এম রুহুল আমীনসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।