আগামী সপ্তাহে ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচারের রায় হবে: মাহফুজ আলম
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, দেশের জনগণের প্রত্যাশা অনুযায়ী বিচারের প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী সপ্তাহেই ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার বিচার অনুষ্ঠিত হবে, যা জুলাই শহিদ পরিবারের দীর্ঘদিনের বেদনা কিছুটা হলেও লাঘব করবে।
মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে জুলাই শহিদ পরিবারের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ধানমণ্ডি ও গুলশান লেকের সংস্কার ও উন্নয়ন এবং এসটিপি-সংক্রান্ত বৈঠক
মাহফুজ আলম বলেন, আমরা অঙ্গীকার করেছিলাম, বিচারের কাজ শুরু করব। আমরা সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পেরেছি। আগামী সপ্তাহে শেখ হাসিনার বিচার হবে এবং একটি রায় ঘোষিত হবে।
তিনি আরও বলেন, যারা ছাত্র-জনতাকে হত্যা ও গুমের সঙ্গে জড়িত ছিলেন, তাদের সবাইকে বিচারের মুখোমুখি করা হবে। ইতোমধ্যে অনেকেরই ট্রাইব্যুনালে বিচার কাজ চলছে। পরবর্তী সরকারে যারা আসবেন, তারাও এ বিচার প্রক্রিয়া এগিয়ে নেবেন।
আরও পড়ুন: ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী
সংস্কার প্রক্রিয়া ও রাজনৈতিক ঐকমত্যের প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, “সংস্কার কাজে আমরা অনেক দূর এগিয়েছি। রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছে জুলাই সনদে স্বাক্ষর করেছে। এটি বাংলাদেশের জন্য এক ঐতিহাসিক অর্জন। এই সনদের মধ্য দিয়ে দেশ নতুন এক পর্বে প্রবেশ করেছে।”
মাহফুজ আলম আশা প্রকাশ করেন, জুলাই সনদ ও সংস্কার কার্যক্রমের আলোকে পরবর্তীতে নির্বাচিত সরকার যদি সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করে, তাহলে আমরা যে নতুন বাংলাদেশ কল্পনা করেছিলাম—সেই বাংলাদেশের ভিত্তি গড়ে উঠবে। সেখানে থাকবে ক্ষমতার ভারসাম্য, আইনের শাসন, সুবিচার ও মানবাধিকার। আর কখনো গুম-খুনের রাজনীতি ফিরে আসবে না।





