ঢাকা-১০ আসনের ভোটার হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া
নির্বাচনী আসন ভাগাভাগি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলার মধ্যেই ঢাকার গুরুত্বপূর্ণ আসন ঢাকা-১০ এর ভোটার হতে যাচ্ছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
রোববার (৯ নভেম্বর) বিকেলে তিনি ধানমন্ডি থানার নির্বাচন কার্যালয়ে গিয়ে ভোটার হওয়ার আবেদন জমা দেবেন বলে নিশ্চিত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তর।
আরও পড়ুন: আওয়ামী লীগ বাংলাদেশে আর কখনো রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
ধানমন্ডি, নিউমার্কেট, কলাবাগান ও হাজারীবাগ থানা নিয়ে গঠিত এই আসনে বিএনপি এখনো প্রার্থী ঘোষণা করেনি, তবে জামায়াতে ইসলামী ইতোমধ্যে সুপ্রিম কোর্টের আইনজীবী জসীম উদ্দিন সরকারকে মনোনয়ন দিয়েছে।
এর আগে আসিফ মাহমুদ ছিলেন কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের ভোটার। সেখান থেকেই নির্বাচনে অংশ নেওয়ার আলোচনা চলছিল। তবে সাম্প্রতিক সময়ে গুঞ্জন ওঠে— বিএনপির সঙ্গে আসন সমঝোতা হলে তিনি ঢাকা-১০ থেকে প্রার্থী হতে পারেন। এবার এই আসনে ভোটার হওয়ার পদক্ষেপ সেই গুঞ্জনকেই আরও জোরালো করেছে।
আরও পড়ুন: ১৪ গুরুত্বপূর্ণ পুলিশ সুপার বদলি
জুলাইয়ের গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সামনের সারির নেতা ছিলেন আসিফ মাহমুদ। আন্দোলনের সময় তার নেতৃত্বে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি এবং ৫ আগস্টের অভ্যুত্থানের তারিখ ঘোষণা তাকে রাজনৈতিকভাবে আলোচনায় আনে। শেখ হাসিনা সরকারের পতনের পর গত বছরের ৮ আগস্ট গঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে জায়গা পান তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করা আসিফ মাহমুদ রাজনীতি শুরু করেন ছাত্র অধিকার পরিষদ থেকে। পরবর্তীতে তিনি গণতান্ত্রিক ছাত্রশক্তি গঠনের অন্যতম উদ্যোক্তা হিসেবে ভূমিকা রাখেন। বর্তমানে তিনি স্থানীয় সরকার ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পলিসি অ্যান্ড গভর্ন্যান্স বিষয়ে স্নাতকোত্তর করছেন।





