২৪ ঘণ্টার মধ্যে আইজিপিকে অপসারণে আইনি নোটিশ

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৬:২১ অপরাহ্ন, ০৪ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৯:৫৪ পূর্বাহ্ন, ১৬ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিডিআর হত্যাযজ্ঞের ঘটনার তদন্তে গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে নাম আসায় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমকে অপসারণ করতে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে ২৪ ঘণ্টার মধ্যে তাকে পদ থেকে অপসারণের নির্দেশ দিতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের তিন আইনজীবী—অ্যাডভোকেট মো. আব্দুস সামাদ, অ্যাডভোকেট শাহিন হোসেন এবং অ্যাডভোকেট মো. আতিকুর রহমান—এই নোটিশ পাঠান।

আরও পড়ুন: একনেকে অনুমোদনের অপেক্ষায় এমআরটি লাইন-৫ প্রকল্প

নোটিশটি প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, জন প্রশাসন সচিব এবং আইন সচিবের কাছে পাঠানো হয়েছে। এতে উল্লেখ করা হয়, নির্ধারিত সময়ের মধ্যে আইজিপিকে অপসারণ করা না হলে তারা আদালতের শরণাপন্ন হবেন।

উল্লেখ্য, বিডিআর হত্যাকাণ্ড তদন্তে জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগে বর্তমান আইজিপি বাহারুল আলমসহ পাঁচজন পুলিশ কর্মকর্তার নাম এসেছে। সংবেদনশীল এই প্রতিবেদন প্রকাশের পর থেকেই প্রশাসনের ভেতরে আলোচনা-সমালোচনা তীব্র হয়েছে।

আরও পড়ুন: কৃষি মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে সিঁড়ি দিয়ে ছয় তলায় উঠলেন প্রধানমন্ত্রী

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর সদর দপ্তরে মর্মান্তিক হত্যাযজ্ঞে তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদসহ ৫৭ জন সেনা কর্মকর্তা এবং আরও ১৭ জনসহ মোট ৭৪ জন নিহত হন। পরে ওই ঘটনায় হত্যা ও বিস্ফোরণ আইনের মামলায় আদালত ১৩৯ জনকে মৃত্যুদণ্ড, ১৮৫ জনকে যাবজ্জীবন এবং আরও ২২৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন।

ঘটনার দীর্ঘ সময় পর, গত বছরের জুলাই গণঅভ্যুত্থানের পর সরকার সাত সদস্যের জাতীয় স্বাধীন তদন্ত কমিশন গঠন করে। কমিশন গত ৩০ নভেম্বর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন জমা দেয়।