তফশিল ঘোষণার তারিখ এখনো ঠিক হয়নি: ইসি সচিব

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:৫৫ অপরাহ্ন, ০৬ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৪:৫৫ পূর্বাহ্ন, ০৭ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নির্বাচন আয়োজনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হলেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণার নির্দিষ্ট তারিখ এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ। শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সাংবাদিকদের কর্মশালায় তিনি এই তথ্য জানান।  

অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হওয়ার কথা জানানো হয়। সেই প্রেক্ষাপটে ডিসেম্বরের প্রথম সপ্তাহে তফশিল ঘোষণার পরিকল্পনা করেছিল ইসি। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনও জানিয়েছিলেন—ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফশিল ঘোষণার সম্ভাবনা রয়েছে।  

আরও পড়ুন: ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সৌজন্য সাক্ষাৎ

এবারের নির্বাচন সঙ্গে গণভোটও অনুষ্ঠিত হবে। নির্বাচন প্রস্তুতির অংশ হিসেবে শনিবার কমিশনের জাতীয় বৈঠক হয় নির্বাচন ভবনে, যেখানে উপস্থিত ছিলেন ইসি সচিব।  

আখতার আহমেদ বলেন, “সকাল সাড়ে ১১টা থেকে আমরা নির্বাচনের প্রস্তুতি নিয়ে মিটিং করেছি।” তফশিল ঘোষণার বিষয়ে তিনি বলেন, “এখন পর্যন্ত নির্বাচন কমিশন তারিখ নির্ধারণ করেনি।”  

আরও পড়ুন: সরকারি হাসপাতালের সামনে নতুন ক্লিনিকের অনুমোদন নয়: স্বাস্থ্যমন্ত্রী

তবে নির্বাচন আয়োজনে কমিশন পুরোপুরি প্রস্তুত রয়েছে বলে তিনি দাবি করেন। এ সময় তিনি নির্বাচন নিয়ে বিভ্রান্তিকর বা ভুল তথ্য না ছড়ানোর আহ্বান জানান।  

ওই কর্মশালায় ‘গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২’, ‘সংসদ নির্বাচনে আচরণবিধি, ২০০৮’ এবং ‘নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) আইন, ১৯৯১’-এর মূল বিষয়গুলো সাংবাদিকদের সামনে তুলে ধরা হয়। কর্মশালাটি আয়োজন করে ইউএনডিপি ও রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি)।