তফসিল ঘোষণার পর কার্যকর আসিফ মাহফুজের পদত্যাগ পত্র: প্রেস সচিব
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলমের পদত্যাগপত্র প্রধান উপদেষ্টা গ্রহণ করেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর তাঁদের পদত্যাগপত্র কার্যকর হবে।
প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনে আজ বুধবার সন্ধ্যায় প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।
আরও পড়ুন: বাংলাদেশ থেকে প্রাথমিকভাবে ১০ হাজার শ্রমিক নেবে মালয়েশিয়া
শফিকুল আলম বলেন, “উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ আজ বিকেল ৫টা নাগাদ প্রধান উপদেষ্টার কাছে তাঁদের পদত্যাগপত্র জমা দিয়েছেন। প্রধান উপদেষ্টা তা গ্রহণ করেছেন। তাঁদের পদত্যাগপত্র নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে কার্যকর হবে।”
প্রেস সচিব আরও জানান, পদত্যাগ করা দুই ছাত্র উপদেষ্টার ভবিষ্যৎ জীবনের মঙ্গল কামনা করেছেন প্রধান উপদেষ্টা।
আরও পড়ুন: এলপিজি সিলিন্ডার নৈরাজ্যের সঙ্গে দামও বাড়ল
আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করার কথা রয়েছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এই তফসিল ঘোষণা করবেন।





