রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন, ওসমান হাদির মরদেহ দেশে পৌঁছানোর প্রস্তুতি

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:৪০ অপরাহ্ন, ১৯ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৭:৪০ অপরাহ্ন, ১৯ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির মরদেহ দেশে আসার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন করা হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বিমানবন্দর এলাকা, কারওয়ানবাজার ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকাসহ নগরীর গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি দায়িত্ব পালন করছে।

আরও পড়ুন: দিনে দিনে ইলিশ আরও ছোট হচ্ছে উৎপাদনও কমছে, নেপথ্যে কী

ওসমান হাদির মরদেহ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৫৮৫ ফ্লাইটটি আজ সন্ধ্যা ৬টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। বিমানবন্দরে যেকোনো অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ করতে সিভিল অ্যাভিয়েশন এলাকা, ডোমেস্টিক টার্মিনাল এবং এয়ারপোর্ট অভ্যন্তরীণ গোলচত্বর এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে।

গত বৃহস্পতিবার রাতে ওসমান হাদির মৃত্যুর খবরের পর রাজধানীজুড়ে অনেকটাই থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এই অবস্থায় রাজধানীর বিভিন্ন সড়কে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

আরও পড়ুন: ভয়াবহ ভূমিকম্পে কাঁপলো ঢাকা ও পার্শ্ববর্তী এলাকা

উল্লেখ্য, ১২ ডিসেম্বর গণসংযোগের জন্য ঢাকার বিজয়নগর এলাকায় গেলে চলন্ত মোটরসাইকেল থেকে হাদিকে গুলি করা হয়। গুলিটি তার মাথায় লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের পর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়। বৃহস্পতিবার রাতের দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।