২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাইল ইনকিলাব মঞ্চ

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:২০ অপরাহ্ন, ২০ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৭:২০ অপরাহ্ন, ২০ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইনকিলাব মঞ্চ শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের জন্য ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে হাদির দাফনের পর রাজধানীর শাহবাগে অনুষ্ঠিত সমাবেশে এই ঘোষণা দেওয়া হয়। একই সঙ্গে হাদির হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে এবং শিক্ষার্থী ও সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচি নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

সমাবেশে বক্তারা বলেন, হাদির মৃত্যু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; এটি আইনশৃঙ্খলার ব্যর্থতার প্রতিফলন। মঞ্চ আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীকে পদত্যাগ করতে নির্দেশ দিয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে পদত্যাগ না হলে শিক্ষার্থী ও জনতাকে নিয়ে কঠোর কর্মসূচি নেওয়া হবে।

আরও পড়ুন: দিনে দিনে ইলিশ আরও ছোট হচ্ছে উৎপাদনও কমছে, নেপথ্যে কী

এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধের পাশে শরিফ ওসমান হাদিকে দাফন করা হয়। দাফনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান, ‘আমার দেশ’ সম্পাদক মাহমুদুর রহমান, ডাকসুর বিভিন্ন পর্যায়ের নেতা ও হাদির পরিবার-পরিজন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দুপুর ২টা ৩০ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় লাখো মানুষের উপস্থিতিতে হাদির জানাজা অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন হাদির বড় ভাই আবু বকর সিদ্দিক।

আরও পড়ুন: ভয়াবহ ভূমিকম্পে কাঁপলো ঢাকা ও পার্শ্ববর্তী এলাকা