যথাসময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে, সার্জিও গোরকে প্রধান উপদেষ্টা
আগামী বছরের ১২ ফেব্রুয়ারি নির্ধারিত সময়েই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে—এ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে, যে অধিকার স্বৈরাচারী শাসনামলে কেড়ে নেওয়া হয়েছিল।
সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় ঢাকার স্থানীয় সময়ে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে টেলিফোন আলাপকালে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: সংসদ এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা, নির্দিষ্ট সড়কে যান চলাচল সীমিত
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, প্রায় আধা ঘণ্টাব্যাপী এই আলাপচারিতায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বাণিজ্য ও শুল্ক সংক্রান্ত আলোচনা, আসন্ন জাতীয় নির্বাচন, দেশের গণতান্ত্রিক উত্তরণ এবং তরুণ রাজনৈতিক কর্মী শহীদ শরীফ ওসমান হাদীর হত্যাকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ও যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোর সাম্প্রতিক শুল্ক আলোচনায় নেতৃত্ব দেওয়ার জন্য অধ্যাপক ইউনূসকে অভিনন্দন জানান। এই আলোচনার ফলস্বরূপ বাংলাদেশের পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের পারস্পরিক শুল্ক ২০ শতাংশে নামিয়ে আনা সম্ভব হয়েছে বলে তিনি উল্লেখ করেন। এ সময় তিনি শহীদ ওসমান হাদীর বিশাল জানাজা নিয়েও কথা বলেন।
আরও পড়ুন: অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় অর্জন ‘জুলাই সনদ’: প্রধান উপদেষ্টা
আলাপকালে প্রধান উপদেষ্টা জানান, ক্ষমতাচ্যুত স্বৈরাচারী শাসনের সমর্থকরা নির্বাচনী প্রক্রিয়া ব্যাহত করতে কয়েক মিলিয়ন ডলার ব্যয় করছে এবং তাদের পলাতক নেতা সহিংসতায় উসকানি দিচ্ছেন বলে অভিযোগ রয়েছে। তবে অন্তর্বর্তীকালীন সরকার যেকোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে তিনি আশ্বস্ত করেন।
প্রধান উপদেষ্টা বলেন, “নির্বাচনের আগে আমাদের হাতে আর মাত্র প্রায় ৫০ দিন সময় রয়েছে। আমরা একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করতে চাই। এটিকে আমরা একটি অসাধারণ ও স্মরণীয় নির্বাচন হিসেবে গড়ে তুলতে চাই।”
টেলিফোন আলাপের সময় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং এসডিজি সমন্বয়ক ও সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ উপস্থিত ছিলেন।





