ভিসা বন্ড জমাদানে বাংলাদেশিদের জন্য জরুরি বার্তা যুক্তরাষ্ট্রের

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:২৬ অপরাহ্ন, ১৯ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৮:৩৭ অপরাহ্ন, ১৯ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

যুক্তরাষ্ট্র ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশিসহ ৩৮ দেশের নাগরিকদের জন্য নতুন ভিসা বন্ড নিয়ম ঘোষণা করেছে মার্কিন প্রশাসন। ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস আজ সোমবার (১৯ জানুয়ারি) এক বার্তায় জানিয়েছে, ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে যুক্তরাষ্ট্রে ব্যবসা ও পর্যটন ভিসা (বি১/বি২) আবেদনকারীদের সর্বোচ্চ ১৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হবে। তবে এই তারিখের আগে ইস্যু হওয়া বৈধ বি১/বি২ ভিসাধারীদের ক্ষেত্রে নতুন নিয়ম প্রযোজ্য হবে না।

নতুন বিধান অনুযায়ী, ভিসা সাক্ষাৎকারে কনসুলার কর্মকর্তা আবেদনকারীকে যোগ্য বিবেচনা করলে ৫, ১০ বা ১৫ হাজার ডলারের বন্ড নির্ধারণ করবেন। কর্মকর্তার সরাসরি নির্দেশনা ছাড়া আবেদনকারী বন্ড জমা দিতে পারবেন না। সাক্ষাৎকারের আগে আগাম অর্থ জমা দিলে ভিসা পাওয়ার নিশ্চয়তা থাকবে না, এবং অর্থ ফেরতযোগ্যও নয়।

আরও পড়ুন: ডিসেম্বরেই জাতীয় গ্রিডে যুক্ত হবে রূপপুরের ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ

দূতাবাসের বার্তায় বলা হয়েছে, অনুমোদিত হলে আবেদনকারীকে যুক্তরাষ্ট্র সরকারের নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে বন্ড জমা দিতে হবে। কোনো তৃতীয় পক্ষের ওয়েবসাইটে অর্থ পরিশোধের দায় যুক্তরাষ্ট্র সরকার নেবে না।

বন্ডের অর্থ ফেরত পাওয়া যাবে যদি নির্ধারিত সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র ত্যাগ করা হয় বা ভিসার মেয়াদ শেষের আগে দেশে ফেরার শর্ত পূরণ হয়। তবে অনুমোদিত সময়ের বেশি অবস্থান, সময়মতো দেশত্যাগ না করা বা ভিসার শর্ত ভঙ্গ করলে বন্ড বাজেয়াপ্ত হবে।

আরও পড়ুন: রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তেজনা, ওয়াকআউটের পর সংসদ মুলতবি ১৫ মার্চ পর্যন্ত

এই নতুন নিয়ম যুক্তরাষ্ট্র ভিসা প্রক্রিয়ার স্বচ্ছতা এবং অনৈতিকভাবে ভিসা ব্যবহারের প্রবণতা কমাতে নেওয়া হয়েছে।