অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে মাঠ পর্যায় পরিদর্শনে নৌবাহিনী প্রধান

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৭:২৮ অপরাহ্ন, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৭:২৯ অপরাহ্ন, ০৪ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে মাঠপর্যায়ে কার্যক্রম জোরদার করেছে বাংলাদেশ নৌবাহিনী। ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় দেশের ১৬টি সংসদীয় আসনের ২৫টি উপজেলায় নৌবাহিনী দায়িত্ব পালন করছে।

এরই অংশ হিসেবে বুধবার (৪ ফেব্রুয়ারি) নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান কুতুবদিয়া ও সন্দ্বীপ উপজেলা পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি নির্বাচনী দায়িত্বে নিয়োজিত নৌ কন্টিনজেন্টের সার্বিক কার্যক্রম, নিরাপত্তা ব্যবস্থা ও প্রস্তুতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

আরও পড়ুন: নির্বাচনে দায়িত্ব পালনে ১,০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

পরিদর্শনকালে নৌবাহিনী প্রধান অসামরিক প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। সভায় চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা নির্বাচন কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়াও ডিজিএফআই, এনএসআই, র‍্যাব, কোস্ট গার্ড, আনসার ও নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করা হয়। সাধারণ জনগণ যেন কোনো ধরনের ভয়ভীতি ছাড়াই উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সে লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান নৌবাহিনী প্রধান। একই সঙ্গে ভোটকেন্দ্রের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ, আইন-শৃঙ্খলা রক্ষা এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশনা দেন তিনি।

আরও পড়ুন: ফ্যাসিবাদের করুণ পরিণতির কথা মাথায় রেখে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

নির্বাচনকে কেন্দ্র করে উপকূলীয় ও দ্বীপাঞ্চলের নিরাপত্তা জোরদারে ভোলা, হাতিয়া, সন্দ্বীপ, কক্সবাজার ও সেন্টমার্টিনস এলাকায় নৌবাহিনীর জাহাজ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি পর্যাপ্ত সংখ্যক বোট প্রস্তুত রাখা হয়েছে। যেকোনো ধরনের সহিংসতা, বিশৃঙ্খলা ও স্বার্থান্বেষী মহলের অপতৎপরতা প্রতিরোধে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করা হয়েছে। এ লক্ষ্যে ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরা ব্যবহারের মাধ্যমে পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

দায়িত্বপ্রাপ্ত এলাকাগুলোতে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে বিশেষ অভিযান, নিয়মিত টহল ও ফুট পেট্রোলিং পরিচালনা করছে নৌবাহিনী। উদ্ভূত যেকোনো পরিস্থিতি মোকাবিলায় নৌবাহিনীর জাহাজ, হেলিকপ্টার, কুইক রেসপন্স ফোর্স (কিউআরএফ) ও সোয়াডস টিম সর্বদা প্রস্তুত রাখা হয়েছে।

নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে সর্বোচ্চ সহযোগিতা প্রদানে প্রস্তুত রয়েছে বাংলাদেশ নৌবাহিনী। দায়িত্বপ্রাপ্ত এলাকাগুলোতে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে নৌবাহিনী বদ্ধপরিকর বলে জানানো হয়।