২৯৭ আসনে নবনির্বাচিত এমপিদের গেজেট প্রকাশ

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:৪৮ পূর্বাহ্ন, ১৪ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ১০:২২ অপরাহ্ন, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের সরকারি ফলাফল গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) গভীর রাতে জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৭ আসনে বিজয়ী প্রার্থীদের গেজেট প্রকাশ করা হয়। বাকি তিনটি আসনের ফলাফল স্থগিত বা অনিষ্পন্ন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আরও পড়ুন: মন্ত্রীর নির্দেশনাও মানছে না পরিবার পরিকল্পনা অধিদপ্তর

এর আগে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত দেশের ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সংসদ নির্বাচনের পাশাপাশি একই দিনে দেশজুড়ে গণভোটও অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচনে তরুণ ভোটারদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। নতুন বাংলাদেশ পুনর্গঠনের প্রত্যাশায় ভোটাররা ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ব্যালট পেপারে তাদের মতামত প্রদান করেন।

আরও পড়ুন: রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪ জন

ইসি সূত্র জানায়, ২০০৮ সালে নিবন্ধন প্রক্রিয়া শুরুর পর এবারই সবচেয়ে বেশি রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ মোট ৫১টি দল নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেয়।

নির্বাচনে মোট প্রার্থী ছিলেন ২ হাজার ২৯ জন। এর মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী ছিলেন ২৭৪ জন। নারী প্রার্থীর সংখ্যা ছিল ৮০ জন। এবারের নির্বাচনে মোট ১১৯টি প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

এদিকে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতি শুরু করেছে সংসদ সচিবালয়। প্রটোকল, নিরাপত্তা ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করে অনুষ্ঠান সফল করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিকল্পনা সাজাচ্ছে।