ডা. শফিকুর রহমান হচ্ছেন বিরোধীদলীয় নেতা নাহিদ উপনেতা

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:৩১ অপরাহ্ন, ১৫ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ২:৩১ অপরাহ্ন, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির ডা. শফিকুর রহমান জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা হতে যাচ্ছেন বলে দলীয় নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে। অন্যদিকে বিরোধীদলীয় উপনেতা হিসেবে আলোচনায় রয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তবে জামায়াত ও ১১ দলীয় জোটের বৈঠকের পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বলে জানা গেছে।

জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মাওলানা এটিএম মাসুম জানিয়েছেন, এখন পর্যন্ত এ ধরনের কোনো বৈঠক অনুষ্ঠিত হয়নি।

আরও পড়ুন: জ্বালানি সংকটে বাংলাদেশকে বাজেট সহায়তা দেবে এআইআইবি: অর্থমন্ত্রী

৭৭ আসন নিয়ে বিরোধী জোট

সদ্যসমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত এককভাবে ৬৮টি আসন পেয়েছে। এছাড়া এনসিপি ৬টি এবং খেলাফত মজলিস ৩টি আসন পেয়ে ১১ দলীয় জোটের মোট আসন দাঁড়িয়েছে ৭৭টি। ইসলামী আন্দোলনের ১ জন ও ৭ জন স্বতন্ত্র সদস্য বিরোধী বেঞ্চে বসতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন: বাংলাদেশ জরিপ অধিদপ্তর কর্তৃক সর্বোচ্চ পর্বতশৃঙ্গ নির্ণয়

সূত্র জানায়, দলীয় প্রধান হিসেবে ডা. শফিকুর রহমান সংসদীয় দলের নেতা হবেন—এটি প্রায় নিশ্চিত। বিরোধী দলগুলোর মধ্যে সবচেয়ে বড় দল হিসেবে জামায়াতের প্রধানই পূর্ণমন্ত্রীর মর্যাদায় বিরোধীদলীয় নেতা হবেন।

উপনেতা নিয়ে একাধিক নাম

বিরোধীদলীয় উপনেতা পদে চারজনের নাম আলোচনায় রয়েছে। এর মধ্যে নাহিদ ইসলামের নাম এগিয়ে। যদি জামায়াত থেকে উপনেতা মনোনয়ন দেওয়া হয়, সেক্ষেত্রে তিন নায়েবে আমিরের নাম এসেছে—অধ্যাপক মুজিবুর রহমান, এটিএম আজহারুল ইসলাম ও ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তাদের মধ্যে অধ্যাপক মুজিবুর রহমানের সম্ভাবনা বেশি বলে জানা গেছে।

চিফ হুইপ ও অন্যান্য পদ

বিরোধীদলীয় চিফ হুইপ ও হুইপ পদেও একাধিক নেতার নাম আলোচনায় রয়েছে। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মওলানা রফিকুল ইসলাম খান, ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল ও সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ আলোচনায় আছেন।

এছাড়া চট্টগ্রামের শাহজাহান চৌধুরী ও সাতক্ষীরার গাজী নজরুল ইসলামকে সম্মানজনক পদ দেওয়া হতে পারে। বিরোধী দল থেকে একজন ডেপুটি স্পিকার হওয়ার কথা রয়েছে। এ পদে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন ও ব্যারিস্টার আহমদ বিনকাসেম আরমানের নাম আলোচনায় থাকলেও নাজিবুর রহমান মোমেনের সম্ভাবনা বেশি বলে জানা গেছে।

১১ দলের শরিকদের মধ্যে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বিরোধীদলের হুইপ হতে পারেন বলেও সূত্র জানিয়েছে।

তবে জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি এটিএম মাসুম বলেছেন, “সংসদের এসব পদ নিয়ে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ১১ দলীয় জোট টিকিয়ে রাখতে শরিকদের জন্যও ছাড় দিতে হবে।”