যোগ্য পিতার যোগ্য সন্তান

তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী হলেন ইয়াসের খান চৌধুরী, নান্দাইলবাসী উচ্ছ্বসিত

Sanchoy Biswas
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ৭:২৪ অপরাহ্ন, ১৭ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৭:২৪ অপরাহ্ন, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ময়মনসিংহ-৯ আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত যোগ্য পিতার যোগ্য সন্তান ইয়াসের খান চৌধুরী ৩৫ বছর পর পিতার আসনটি পুনরুদ্ধার করে সংসদ সদস্য হয়েই তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন। বিগত ১৯৯১ সালে জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে বিপুল ভোটে জয়লাভ করে এমপি হন ইয়াসের খান চৌধুরীর পিতা আনোয়ারুল হোসেন খান চৌধুরী। তিনি ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর উপদেষ্টা, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানী-র একান্ত সচিব। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নবগঠিত সরকারের মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। ইয়াসের খান চৌধুরী বিবিসির টেলিভিশন নেটওয়ার্ক লন্ডনের সাবেক তথ্য ও প্রযুক্তি বিজ্ঞানী হিসেবে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন। সেখান থেকে দেশে ফিরে এসে পিতার উত্তরসূরি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র রাজনীতিতে সক্রিয় হয়ে দায়িত্ব পালন করেন।

এদিকে মন্ত্রিপরিষদে স্থান পাওয়ার খবরে উচ্ছ্বসিত দলীয় নেতাকর্মী ও অনুসারীরা। এ সময় তারা শুকরিয়া আদায়সহ মিষ্টি বিতরণ করে নবগঠিত সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। নান্দাইল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, সদস্য সচিব এনামুল কাদির বলেন, এ খবরে আমরাসহ নান্দাইলবাসী উচ্ছ্বসিত ও আনন্দিত। অবহেলিত নান্দাইলবাসীকে মন্ত্রিত্ব উপহার দেওয়ায় আমরা নবগঠিত সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামী দিনে আমরা সকলে মিলেমিশে নান্দাইলের উন্নয়ন করতে চাই এবং আমাদের নেতার নির্বাচনী সকল প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে চাই।

আরও পড়ুন: নতুন মন্ত্রিসভায় তিন নারী: নেতৃত্বে আফরোজা, শামা ও ফারজানা