বাংলাদেশ ব্যাংকের ঘটনা বর্তমান সরকার সমর্থিত ‘মব কালচারের’ সূচনা: ডা. শফিকুর রহমান

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:৩৫ অপরাহ্ন, ২৬ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ১:৩৫ অপরাহ্ন, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকে সম্প্রতি সৃষ্ট পরিস্থিতিকে বর্তমান সরকার সমর্থিত ‘মব কালচারের’ আনুষ্ঠানিক সূচনা হিসেবে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি এ ঘটনাকে দুর্ভাগ্যজনক ও পুরোপুরি অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেছেন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ভোরে স্যোশাল মিডিয়া ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: দেশের দিকনির্দেশনায় জ্ঞানী-গুণীদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী

ফেসবুক পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, গতকাল বাংলাদেশ ব্যাংকে যে পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে, তা বর্তমান সরকার সমর্থিত মব কালচারের আনুষ্ঠানিক সূচনা বলে মনে হচ্ছে। এটি দুর্ভাগ্যজনক ও পুরোপুরি অগ্রহণযোগ্য। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও তার উপদেষ্টার মতো সম্মানিত ব্যক্তিদের এভাবে অপমান করার অধিকার কারো নেই।

তিনি বলেন, দেশের অর্থনীতি এমনিতেই ফ্যাসিবাদের নাগপাশে পড়ে চরম দুরবস্থার মধ্যে রয়েছে। সর্বস্তরে দুর্নীতি, চাঁদাবাজি ও সিন্ডিকেটের প্রভাব রয়েছে। এর পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে এমন অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড অব্যাহত থাকলে দেশের অর্থনীতির অবশিষ্ট অংশও ধ্বংস হয়ে যাবে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক, কৃষিঋণ প্রস্তাব অনুমোদন

 জামায়াতে ইসলামীর আমির মনে করেন, এ ধরনের বিশৃঙ্খলার বিরুদ্ধে দল-মত নির্বিশেষে সমাজের সব স্তরের মানুষের প্রতিবাদ করা উচিত। তিনি বলেন, এরমধ্যেই বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে মব সৃষ্টি করে দায়িত্বশীল ও দক্ষ ব্যক্তিদের বিরুদ্ধে উৎপাতের ঘটনা ঘটছে।

সরকারকে উদ্দেশ করে তিনি আরও বলেন, একটি গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হলে এসব অপতৎপরতা অবিলম্বে বন্ধ করতে হবে। একই সঙ্গে দলীয় আনুগত্য নয়, বরং যোগ্যতার ভিত্তিতে দেশপ্রেমিক ও উপযুক্ত ব্যক্তিদের গুরুত্বপূর্ণ সরকারি পদে নিয়োগ নিশ্চিত করতে হবে।