মাদারীপুরে দুই বাসের সংঘর্ষে ২ জন নিহত, আহত ১০

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:০১ অপরাহ্ন, ১৯ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ২:০১ অপরাহ্ন, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

 মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের ডাসারের মেলকাই এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে বরিশালগামী ইমরান পরিবহন এবং বরিশাল থেকে ঢাকাগামী বিআরটিসি পরিবহনের একটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পরপরই বাস দুটি দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। একই সময় সড়কে চলাচলরত একটি ভ্যান বাসের পেছনে ধাক্কা খেয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

আরও পড়ুন: জানুয়ারিতে সড়ক দুর্ঘটনায় ৪৮৭ নিহত, মোটরসাইকেল দুর্ঘটনাই শীর্ষে

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি ক্লিনিকে ভর্তি করে। গুরুতর আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

দুর্ঘটনার পর প্রায় তিন ঘণ্টা ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সড়কের যান চলাচল স্বাভাবিক করে।

আরও পড়ুন: পাড়া-মহল্লায় হাত বাড়ালেই ইয়াবা-গাঁজা, অদৃশ্য ছত্রচ্ছায়ায় নির্বিঘ্ন কারবার

কালকিনি উপজেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা খোকন জমাদ্দার জানান, নিহতদের মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং আহতদের জেলা হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে পাঠানো হয়েছে।

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।