অনিয়ম পেলেই অ্যাকশন, ছাড় নেই—প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

Sanchoy Biswas
জাহাঙ্গীর আলম প্রধান, আশুলিয়া
প্রকাশিত: ১১:০২ অপরাহ্ন, ২২ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ১:৫৪ পূর্বাহ্ন, ২৯ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সরকারের অবস্থান একেবারেই স্পষ্ট বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেছেন, যেখানে অনিয়ম ধরা পড়বে, সেখানেই তাৎক্ষণিক ও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

রবিবার সন্ধ্যায় সাভারের বিসিএস লাইভস্টক একাডেমিতে ৪৪তম বিসিএস (পশুসম্পদ) ক্যাডারের নবনিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের পাঁচ দিনব্যাপী অবহিতকরণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: বগুড়ায় ঈদের দিনে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেফতার

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। সে অনুযায়ী সরকার নিয়মতান্ত্রিকভাবে দেশ পরিচালনায় অঙ্গীকারবদ্ধ। কোনো দুর্নীতি বা অনিয়মকে প্রশ্রয় দেওয়া হবে না। মানুষের মধ্যে শৃঙ্খলা ও আইনের শাসন প্রতিষ্ঠাই সরকারের লক্ষ্য।

তিনি আরও বলেন, ‘দিল্লি নয়, পিন্ডি নয়—সবার আগে বাংলাদেশ’—এই চেতনায় দেশপ্রেমকে বুকে ধারণ করেই সবাইকে কাজ করতে হবে, যাতে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর, দুর্নীতিমুক্ত বাংলাদেশ রেখে যাওয়া যায়।

আরও পড়ুন: ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

সরকার ইতোমধ্যে দুর্নীতি দমনে কার্যক্রম শুরু করেছে উল্লেখ করে প্রতিমন্ত্রী জানান, সমস্যা যেখানে চিহ্নিত হবে, সেখানেই সুনির্দিষ্ট সমাধান আসবে। পাশাপাশি সামাজিক নিরাপত্তা জোরদারে ফ্যামিলি কার্ড চালু হয়েছে; ভবিষ্যতে কৃষকদের জন্য ফারমার্স কার্ড চালুর পরিকল্পনাও রয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবু সুফিয়ান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মুহাম্মদ জাবের। উদ্বোধনী অনুষ্ঠানে ৪৪তম বিসিএস (পশুসম্পদ) ক্যাডারের নবনিয়োগপ্রাপ্ত ১৯৫ জন কর্মকর্তা অংশ নেন।