মিয়ানমারে ৫.১ মাত্রার ভূমিকম্প, কক্সবাজারসহ বাংলাদেশে কম্পন
প্রতিবেশী দেশ মিয়ানমার–এর সাগাইং অঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। এর কম্পন বাংলাদেশেও অনুভূত হয়েছে।
ভূমিকম্প বিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানিয়েছে, বুধবার (২৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় রাত প্রায় ১১টার দিকে এ ভূমিকম্প সংঘটিত হয়। ভূমিকম্পটি মাটির প্রায় ১০১ কিলোমিটার গভীরে আঘাত হানে। এতে মিয়ানমারের পাশাপাশি ভারত ও বাংলাদেশের বিভিন্ন জেলায় কম্পন অনুভূত হয়।
আরও পড়ুন: নদী-নালা-খাল খননে ৮ সদস্যের সেল গঠন, সভাপতিত্বে মির্জা আব্বাস
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর–এর ভূমিকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানান, রাত ১০টা ৫১ মিনিট ৪৯ সেকেন্ডে ভূমিকম্পটি সংঘটিত হয়। এর উৎপত্তিস্থল মিয়ানমারে এবং ঢাকা থেকে দূরত্ব প্রায় ৪৬২ কিলোমিটার। তিনি বলেন, ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে কম্পন অনুভূত হয়েছে, তবে কক্সবাজার ও আশপাশের এলাকায় কম্পন তুলনামূলক বেশি ছিল। এটি মাঝারি মাত্রার ভূমিকম্প বলেও উল্লেখ করেন তিনি।
রাত ১০টা ৫৪ মিনিটের দিকে পর্যটন নগরী কক্সবাজার কেঁপে ওঠে। এছাড়া উখিয়া, টেকনাফ, রামু এবং বান্দরবানের লামা ও নাইক্ষ্যংছড়িতেও কম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।
আরও পড়ুন: আজ শুরু হচ্ছে বইমেলা, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
অন্যদিকে ভূমিকম্প বিষয়ক ওয়েবসাইট আর্থকোয়াক ট্র্যাক জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.১। এর উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের মাউলাইক এলাকা থেকে প্রায় ৭৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে।
কক্সবাজার শহরের বাসিন্দা মোহাম্মদ ইমরান হোসেন বলেন, হঠাৎ কম্পন অনুভব করেছেন এবং ভবনের পঞ্চম তলায় অবস্থান করায় আতঙ্কিত হয়ে পড়েন। উখিয়ার ঘুমধুম এলাকার বাসিন্দা সাংবাদিক মাহমুদুল হাসান জানান, প্রায় ৭–৮ সেকেন্ড ধরে ঘর কেঁপেছে।
প্রসঙ্গত, এর ২২ দিন আগে গত ৩ ফেব্রুয়ারি রাতেও কক্সবাজার ও আশপাশের এলাকায় ৫.৯ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়েছিল।





