বগুড়া সফর স্থগিত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
আসন্ন উপনির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আচরণবিধি সমুন্নত রাখতে পূর্বনির্ধারিত বগুড়া সফর স্থগিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১০ মার্চ বগুড়ায় সরকারি ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা ছিল তার। তবে জেলা প্রশাসন জানিয়েছে, উপনির্বাচন চলমান থাকায় কোনো বিতর্কের সুযোগ না দিতেই সফরটি আপাতত স্থগিত করা হয়েছে।
সোমবার (২ মার্চ) রাতে বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। তিনি জানান, ১০ মার্চের কর্মসূচি স্থগিত করা হয়েছে এবং পরবর্তীতে সুবিধাজনক সময়ে নতুন তারিখ ঘোষণা করা হবে।
আরও পড়ুন: নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে ব্যানার দ্রুত সরানোর নির্দেশ
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ (সদর) ও ঢাকা-১৭ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। সংসদীয় রীতি অনুযায়ী শপথের আগে তিনি নিজের পৈত্রিক আসন হিসেবে পরিচিত বগুড়া-৬ আসনটি ছেড়ে দেন।
প্রধানমন্ত্রীর ছেড়ে দেওয়া এই শূন্য আসনে আগামী ৯ এপ্রিল উপনির্বাচনের তারিখ নির্ধারণ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। এ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন দলটির জেলা কমিটির সভাপতি রেজাউল করিম বাদশা।
আরও পড়ুন: দুদক চেয়ারম্যানের পদত্যাগ গুঞ্জন, বিকেলে বৈঠক
সফর স্থগিতের বিষয়ে রেজাউল করিম বাদশা বলেন, প্রধানমন্ত্রী আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল এবং নিয়মের মধ্যেই থাকতে চান। যেহেতু বগুড়া সদর আসনে উপনির্বাচন চলছে, তাই এ সময়ে বড় কোনো সরকারি কর্মসূচিতে অংশগ্রহণ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কারণ হতে পারে। আইনি জটিলতা এড়াতেই সফর পিছিয়ে দেওয়া হয়েছে বলে স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা।
এর আগে ২৭ ফেব্রুয়ারি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, ১০ মার্চ প্রধানমন্ত্রী বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন। সফরকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে উৎসাহ দেখা দিলেও উপনির্বাচন শেষ না হওয়া পর্যন্ত তা স্থগিত থাকছে।
জেলা প্রশাসন ও দলীয় সূত্র জানিয়েছে, নির্বাচনী প্রক্রিয়া শেষ হওয়ার পর নতুন সূচি অনুযায়ী প্রধানমন্ত্রী তার নির্বাচনী এলাকায় কর্মসূচিতে অংশ নেবেন।





