স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:২৩ অপরাহ্ন, ১২ মার্চ ২০২৬ | আপডেট: ৮:২৩ অপরাহ্ন, ১২ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এবং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালকে শপথ পাঠ করিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর ১২টার পর জাতীয় সংসদে রাষ্ট্রপতির কার্যালয়ে তাদের শপথ পড়ানো হয়।

আরও পড়ুন: রিয়াদ বিমানবন্দরে হুথিদের প্রাণঘাতী হামলায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ

প্রথমে স্পিকার হিসেবে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ শপথ গ্রহণ করেন। পরে ডেপুটি স্পিকার হিসেবে ব্যারিস্টার কায়সার কামালকে শপথ পড়ান রাষ্ট্রপতি।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) স্পিকার হিসেবে নির্বাচিত হন।

আরও পড়ুন: সৌদিগামী ২ ফ্লাইট স্থগিত, যাত্রীদের বিমানবন্দরে যেতে নিষেধাজ্ঞা

অধিবেশনে সভাপতিত্বকারী সদস্য খন্দকার মোশাররফ হোসেন জানান, স্পিকার পদে নির্বাচনের জন্য একটিমাত্র মনোনয়ন পাওয়া গেছে এবং সেটি ছিল মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের। তিনি এ দায়িত্ব পালনে সম্মতি জানিয়েছেন বলেও জানান তিনি।

পরে স্পিকার নির্বাচনের প্রস্তাব উত্থাপনের জন্য সংসদ সদস্য নুরুল ইসলামের প্রতি আহ্বান জানানো হয়। তিনি প্রস্তাব উত্থাপন করেন এবং সংসদ সদস্য রকিবুল ইসলাম প্রস্তাবটি সমর্থন করেন।

প্রস্তাবটি সংসদে উপস্থাপন করা হলে কণ্ঠভোটে তা গৃহীত হয়।