দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু: প্রধানমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সভাপতির আসন শূন্য রেখেই শুরু হয়েছে। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অধিবেশন শুরু হওয়ার পর বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বক্তব্যের শুরুতেই তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে প্রাণ দেওয়া সব শহীদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি বলেন, আজ থেকে দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হলো।
আরও পড়ুন: বিশ্ব মরুময়তা ও খরা দিবসে চারণভূমি ও তৃণভূমি পুনরুদ্ধারের আহ্বান পরিবেশ মন্ত্রীর
প্রধানমন্ত্রী বলেন, দেশনেত্রী খালেদা জিয়া জীবনের শেষ দিন পর্যন্ত গণতন্ত্রের জন্য সংগ্রাম করে গেছেন এবং কখনো স্বৈরাচার বা ফ্যাসিবাদের সঙ্গে আপস করেননি। তিনি খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা জানান। একই সঙ্গে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিও শ্রদ্ধা নিবেদন করেন।
তারেক রহমান বলেন, দল-মত নির্বিশেষে তিনি দেশের সব মানুষের প্রতিনিধিত্ব করছেন। প্রতিটি পরিবারকে স্বনির্ভর করে তোলাই বিএনপির লক্ষ্য বলে উল্লেখ করেন তিনি। তার মতে, এভাবেই স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
আরও পড়ুন: শিক্ষাখাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দে পৌঁছানোর পরিকল্পনা সরকারের: শিক্ষামন্ত্রী
তিনি আরও বলেন, স্বনির্ভর বাংলাদেশ গঠনের কাজে সবার সহযোগিতা প্রয়োজন এবং এ লক্ষ্য অর্জনে কোনো বিরোধ থাকার কথা নয়।
অধিবেশন পরিচালনার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করেন। পরে সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওই প্রস্তাবে সমর্থন জানান।





