জ্বালানি সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর উচ্চপর্যায়ের জরুরি বৈঠক
দেশের বর্তমান জ্বালানি পরিস্থিতি পর্যালোচনা এবং সম্ভাব্য সংকট মোকাবিলায় করণীয় নির্ধারণে এক উচ্চপর্যায়ের বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ মার্চ) সকালে ঢাকা সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল ৯টা ২ মিনিটে সচিবালয়ে পৌঁছে প্রধানমন্ত্রী প্রথমে কিছু দাপ্তরিক কাজ সম্পন্ন করেন। এরপর মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে স্মারক ডাকটিকিট উন্মোচন করেন। পরে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ দপ্তরে ‘জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় করণীয়’ শীর্ষক সভায় সভাপতিত্ব করেন তিনি।
আরও পড়ুন: নতুন করে দুই মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দপ্তর পুনর বণ্টন
সংশ্লিষ্ট সূত্র জানায়, বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার কিছুদিন পরই ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের প্রভাবে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। এর প্রভাব দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে পড়তে শুরু করেছে, যা সামগ্রিক অর্থনীতি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারেও চাপ তৈরি করছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, আন্তর্জাতিক পরিস্থিতির অনিশ্চয়তা আরও বাড়তে পারে, যা বাংলাদেশের মতো আমদানিনির্ভর দেশের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। এ প্রেক্ষাপটে সম্ভাব্য সংকট মোকাবিলায় সরকারের প্রস্তুতি ও কৌশল নির্ধারণে এই জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আরও পড়ুন: এক মাসে মধ্যপ্রাচ্যে সহস্রাধিক ফ্লাইট: শীর্ষে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত
সভায় জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা, মূল্য স্থিতিশীলতা নিশ্চিত করা এবং দীর্ঘমেয়াদি বিকল্প পরিকল্পনা গ্রহণের বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে বলে জানা গেছে।





