১২ মন্ত্রণালয় ও দপ্তরে নতুন সচিব নিয়োগ, একাধিক রদবদল
সরকার ১২টি মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরে নতুন সচিব নিয়োগ দিয়েছে। বুধবার (২৫ মার্চ) রাতে পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্ত জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
নিয়োগপ্রাপ্তদের মধ্যে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. গোলাম সরওয়ার ভূঁইয়াকে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব করা হয়েছে। খুলনার বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদকে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এবং ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়হান কাওছারকে পরিবেশ, বন ও জলবায়ুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: স্বাধীনতা দিবসে জাতীয় প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ, উপস্থিত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
এছাড়া ন্যাশনাল ডিফেন্স কলেজের এসডিএস (অতিরিক্ত সচিব) ইয়াসমিন পারভীনকে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান জাকারিয়াকে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এবং স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব কাজী আনোয়ার হোসেনকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব করা হয়েছে।
অন্যদিকে, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফাহমিদা আক্তারকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দেলোয়ার হোসেনকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: পাঁচ সচিবকে প্রত্যাহার করে সংযুক্ত
এছাড়া এস এম এবাদুর রহমানকে এক বছরের চুক্তিতে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
পাশাপাশি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রদবদল করা হয়েছে। জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলাকে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জামানকে পরিকল্পনা কমিশনের সদস্য এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নেয়ামত উল্লাহকে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি করা হয়েছে।
এছাড়া চারজন সচিবকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।





