আগামী বাজেট প্রণয়ন অনেক বড় চ্যালেঞ্জ: অর্থমন্ত্রী

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৬:৪৬ অপরাহ্ন, ০১ এপ্রিল ২০২৬ | আপডেট: ৮:৪৬ অপরাহ্ন, ০২ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বর্তমান সরকার ঋণনির্ভর অর্থনীতি থেকে বিনিয়োগনির্ভর অর্থনীতিতে যেতে চায় বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বুধবার জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) এক বৈঠক শেষে তিনি জানান, মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও অর্থনীতিতে চলমান সংকটের মতো পরিস্থিতিতে আগামী বাজেট প্রণয়ন অনেক বড় চ্যালেঞ্জ।

আগামী বাজেট সামনে রেখে দিকনির্দেশনা দিতে প্রথমবারের মতো এনবিআরে আসেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৈঠক শেষে তিনি বলেন, ‘সরকারের বাজেট হবে দেশি-বিদেশি বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্য নিয়ে। দেশের অর্থনীতি আগে থেকেই চাপে রয়েছে। সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে বাধ্যবাধকতাও রয়েছে। নতুন করে যুক্ত হয়েছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ। সব মিলিয়ে বাজেট প্রণয়নে চাপ বাড়ছে সরকারের ওপর।’

আরও পড়ুন: দুর্গাপূজা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এমপিদের কঠোর নির্দেশনা

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ হচ্ছে, এটি একটি বড় সমস্যা। আমাদের বড় একটি অংশ এখানে খরচ হচ্ছে, জ্বালানি কিনতে হচ্ছে। সুতরাং এটি থ্রি-ওয়ে চ্যালেঞ্জ।’

অর্থমন্ত্রী বলেন, ‘এখানে ছোট ব্যবসায়ীদের বিষয় আছে, এখানে বিনিয়োগের বিষয় আছে, সবচেয়ে বড় কথা কর্মসংস্থানের বিষয় আছে। সবকিছু মিলিয়ে আমরা এমন একটি বাজেট করতে চাই, যেখানে এই বিষয়গুলোকে আমরা অ্যাড্রেস করতে পারি।’

আরও পড়ুন: রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪ জন

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘অর্থনীতিটাকে যদি আমরা টেনে তুলতে না পারি, দিনের শেষে ট্যাক্স–জিডিপি বাড়ানো খুব কঠিন। আমরা ঋণনির্ভর অর্থনীতি থেকে বিনিয়োগনির্ভর অর্থনীতির কথা বলছি। আমরা টাকা ছাপাতে চাচ্ছি না। এটি করতে গেলে দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে হবে।’