সমঝোতা ভঙ্গের অভিযোগে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট
সরকারি দলের বিরুদ্ধে রাজনৈতিক সমঝোতা ও বিশ্বাস ভঙ্গের অভিযোগ তুলে জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল। শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের নেতৃত্বে বিরোধী দলের সংসদ সদস্যরা অধিবেশন ত্যাগ করেন।
এর আগে অন্তর্বর্তী সরকারের আমলের অধ্যাদেশগুলোর অনুমোদন প্রসঙ্গে সরকারি দলের বিরুদ্ধে অভিযোগ তোলেন বিরোধীদলীয় নেতা। বিতর্কের এক পর্যায়ে ডা. শফিকুর রহমান বলেন, “আজকে আমরা দুঃখ নিয়ে সংসদ থেকে ওয়াকআউট করছি। ভবিষ্যতে আবার দেখা হবে।”
আরও পড়ুন: বন্ধ শিল্প-সেবা খাতে ঋণের সুদ সর্বোচ্চ ৭ শতাংশ
বিকেলে ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর অধ্যাদেশ’ অনুমোদনকে কেন্দ্র করে বিতর্কের সূত্রপাত হয়। জাতীয় সংসদের বিশেষ কমিটি অধ্যাদেশটি হুবহু অনুমোদনের সুপারিশ করলেও পরবর্তীতে তিনটি সংশোধনী যুক্ত করে বিলটি পাস করা হয়।
বিল পাসের পর বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেন, সংশোধনীর মাধ্যমে রাজনৈতিক সমঝোতা ভঙ্গ করা হয়েছে এবং কৌশলে বিলটি পাস করা হয়েছে।
আরও পড়ুন: ঢাকায় শুরু হলো ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার ২০২৬
অন্যদিকে সরকারি দলের পক্ষ থেকে বলা হয়, সংশোধনী একজন বেসরকারি সদস্য উত্থাপন করেছেন, সরকার নয়। প্রয়োজনে ভবিষ্যতে বিলটি আবার সংশোধন করা সম্ভব বলেও জানানো হয়।
এ বিষয়ে উভয় পক্ষের তর্ক-বিতর্কের এক পর্যায়ে বিরোধী দল অধিবেশন থেকে ওয়াকআউট করে।





