বগুড়ায় ই-বেইল বন্ড সেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জজ আদালতে ই-বেইল বন্ড সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। সোমবার (২০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া আদালত ভবন থেকে একযোগে সাত জেলায় এ কার্যক্রম চালু করা হয়। এসময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
এর আগে সকাল ১০টায় প্রধানমন্ত্রীর গাড়িবহর বগুড়া সার্কিট হাউসে পৌঁছায়। পরে তিনি হেঁটে জজ কোর্ট প্রাঙ্গণে যান এবং বগুড়া জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এসময় আইনমন্ত্রী আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: আগামী সপ্তাহেই বাংলাদেশে আসছেন যুক্তরাষ্ট্রের ২৫ প্রতিষ্ঠানের ৪৫ শীর্ষ ব্যবসায়ী
ই-বেইল বন্ড সেবা চালুর মাধ্যমে আদালত থেকে জামিন মঞ্জুর হওয়ার পর জামিননামা দ্রুত ও সরাসরি কারাগারে অনলাইনে পাঠানো যাবে। এতে বিচারপ্রার্থীদের ভোগান্তি কমবে এবং দুর্নীতি হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে।
বগুড়া ছাড়াও ঝিনাইদহ, যশোর, মাগুরা, রাজশাহী, নাটোর ও কুষ্টিয়া জেলায় একযোগে এই কার্যক্রম চালু হয়েছে। এদিন প্রধানমন্ত্রী বগুড়া সিটি করপোরেশনের ফলক উন্মোচন ও আনুষ্ঠানিক কার্যক্রম ঘোষণারও কথা রয়েছে।
আরও পড়ুন: প্রধানমন্ত্রী তারেক রহমানকে ডোনাল্ড ট্রাম্পের একগুচ্ছ বার্তা
দিনের দ্বিতীয়ার্ধে তিনি গাবতলী উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। এর মধ্যে রয়েছে খাল খনন, ফ্যামিলি কার্ড বিতরণ এবং হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন। এছাড়া নিজ পৈতৃক বাড়ি পরিদর্শন শেষে বিকেলে শহরে ফিরে আসবেন।
বিকেল ৪টায় শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
এদিকে, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে বগুড়া শহরসহ আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সকাল থেকেই বিভিন্ন স্থানে নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন নিয়ে জড়ো হয়ে তাকে একনজর দেখার অপেক্ষায় রয়েছেন।





