উপজেলা পরিষদে এমপিদের জন্য তৈরি হবে আধুনিক ‘পরিদর্শন কক্ষ’: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৮:১৫ অপরাহ্ন, ২১ এপ্রিল ২০২৬ | আপডেট: ২:১৫ পূর্বাহ্ন, ২২ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশের প্রতিটি উপজেলা পরিষদ কার্যালয়ে সংসদ সদস্যদের (এমপি) জন্য বিশেষ ‘পরিদর্শন কক্ষ’ তৈরির নির্দেশনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের কাছে ফ্লোর নিয়ে এই সুসংবাদ প্রদান করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

প্রতিমন্ত্রী জানান, সংসদ সদস্যদের দাপ্তরিক কাজ ও সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগের সুবিধার্থে প্রতিটি উপজেলা পরিষদে একটি করে আধুনিক পরিদর্শন কক্ষ প্রস্তুত করা হবে। এই কক্ষগুলোতে থাকবে প্রয়োজনীয় দাপ্তরিক কাজের উপযোগী আরামদায়ক ও আধুনিক আসবাবপত্র এবং আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন অ্যাটাচ বাথরুমের ব্যবস্থা। নতুন বা পুরাতন—উপজেলা পরিষদের ভবনগুলোতে বিদ্যমান অবস্থাতেই এই কক্ষগুলো তৈরি করা হবে।

আরও পড়ুন: আভানকে বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে, দাবি ইউনিভার্সেল মেডিকেলের

সংসদ সদস্যরা যাতে তাদের নির্বাচনী এলাকায় আরও সক্রিয় ভূমিকা রাখতে পারেন, সেজন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী। তিনি উল্লেখ করেন, কক্ষটি মূলত ‘পরিদর্শন কক্ষ’ হিসেবে পরিচিত হবে। এর মাধ্যমে এমপিরা সহজেই দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করতে পারবেন এবং সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সাক্ষাৎ ও সময় ব্যয় করতে পারবেন।

ইতিমধ্যে এ সংক্রান্ত সরকারি আদেশ বা জিও (GO) উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) বরাবর জারি করা হয়েছে। বাস্তবায়নের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা উল্লেখ করা হয়েছে। আজ থেকেই এই জিও কার্যকর হবে। সংশ্লিষ্ট সংসদ সদস্যদের নিজ নিজ এলাকার ইউএনওদের সঙ্গে যোগাযোগ করে দ্রুত কক্ষগুলো প্রস্তুত করার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: নভেম্বরের শেষে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু

কোনো সংসদ সদস্যের নির্বাচনী এলাকায় যদি একাধিক উপজেলা থাকে, তবে প্রতিটি উপজেলাতেই তার জন্য এই পরিদর্শন কক্ষের ব্যবস্থা থাকবে।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এই উদ্যোগ বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান এবং আশা প্রকাশ করেন, এর মাধ্যমে স্থানীয় পর্যায়ে সংসদ সদস্যদের কার্যক্রম আরও গতিশীল হবে।