নতুন বাস ভাড়া নিয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার: মন্ত্রী
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে বাস-ট্রাকসহ সব ধরনের পরিবহণের নতুন ভাড়া নির্ধারণ নিয়ে আগামী বৃহস্পতিবার (২৩ এপ্রিল) চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে জ্বালানি মূল্যবৃদ্ধির কারণে গণপরিবহণের ভাড়া পুনর্নির্ধারণ সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
আরও পড়ুন: প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণি পর্যন্ত নেওয়ার পরিকল্পনা: ববি হাজ্জাজ
বৈঠকে সিদ্ধান্ত হয়নি
মন্ত্রী জানান, এদিনের বৈঠকে নতুন ভাড়ার বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিষয়টি নিয়ে আরও আলোচনা শেষে বৃহস্পতিবার সিদ্ধান্ত দেওয়া হবে।
আরও পড়ুন: ঢাকার ডিসি প্রত্যাহার, নতুন ডিসি ফরিদা খানম
মালিকদের দাবি: খরচ বেড়েছে বহুগুণ
এদিকে বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতি বলছে, সাম্প্রতিক সময়ে পরিবহণ খাতে ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ডিজেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বাড়ার পাশাপাশি ডলারের মূল্যবৃদ্ধির কারণে আমদানিকৃত যন্ত্রাংশ ও রক্ষণাবেক্ষণ খরচও বৃদ্ধি পেয়েছে।
সংগঠনটির নেতারা মনে করছেন, এ অবস্থায় খাতের স্থিতিশীলতা বজায় রাখতে বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে দ্রুত ভাড়া পুনর্নির্ধারণ প্রয়োজন।
আগের বৈঠক ও প্রস্তাব
এর আগে গত ১৮ এপ্রিল রাতে রাজধানীর বনানীতে বিআরটিএ কার্যালয়ে বাস ভাড়া পুনর্নির্ধারণ নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর কর্মকর্তা ও পরিবহণ মালিক-শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
বৈঠক শেষে বিআরটিএ চেয়ারম্যান জানান, ভাড়া বৃদ্ধির বিষয়ে একটি খসড়া প্রস্তাব তৈরি করা হয়েছে, যা দ্রুতই মন্ত্রণালয়ে চূড়ান্ত হবে।
জ্বালানি তেলের নতুন দাম
সম্প্রতি সরকার ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়িয়েছে, যা ১৯ এপ্রিল থেকে কার্যকর হয়েছে।
নতুন দরে—
* ডিজেল: ১১৫ টাকা (আগে ১০০)
* অকটেন: ১৪০ টাকা (আগে ১২০)
* পেট্রোল: ১৩৫ টাকা (আগে ১১৬)
* কেরোসিন: ১৩০ টাকা (আগে ১১২)





