বাংলাদেশকে জরিমানা করল আইসিসি

Any Akter
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ৩:২২ অপরাহ্ন, ২২ এপ্রিল ২০২৬ | আপডেট: ৫:১৬ অপরাহ্ন, ২২ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগেই আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) শাস্তি দিয়েছে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ দলকে।

স্লো ওভার রেটের কারণে বাংলাদেশের ক্রিকেটারদের ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। বুধবার (২২ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি।

আরও পড়ুন: ভারতের প্রতি ভালোবাসার কথা জানালেন টেনিস কিংবদন্তি জোকোভিচ

জানা গেছে, দ্বিতীয় ওয়ানডেতে নির্ধারিত সময়ের চেয়ে দুই ওভার কম বোলিং করেছিল বাংলাদেশ। এ বিষয়ে অভিযোগ আনেন ম্যাচের অন-ফিল্ড আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ ও গাজী সোহেল, তৃতীয় আম্পায়ার নিতিন মেনন এবং চতুর্থ আম্পায়ার মাসুদুর রহমান মুকুল। অভিযোগের ভিত্তিতে শাস্তি দেন আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট।

আইসিসির খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী, নির্ধারিত সময়ের চেয়ে প্রতি ওভার কম বোলিং করায় ম্যাচ ফির ৫ শতাংশ করে জরিমানা করা হয়। বাংলাদেশ দুই ওভার কম বোলিং করায় মোট ১০ শতাংশ জরিমানা গুনতে হচ্ছে দলকে।

আরও পড়ুন: নাহিদ তানজিদ শান্তর নৈপুণ্যে সিরিজ সমতায় বাংলাদেশ

এদিকে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ দোষ স্বীকার করে শাস্তি মেনে নিয়েছেন। ফলে এ বিষয়ে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। সিরিজের ভাগ্য নির্ধারণী ম্যাচের আগে এমন শাস্তি বাংলাদেশের ওপর কিছুটা মানসিক চাপ তৈরি করতে পারে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।