সৌদি আরবে পৌঁছেছেন ২০ হাজার ৫৫৩ হজযাত্রী, একজনের মৃত্যু

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:২২ অপরাহ্ন, ২২ এপ্রিল ২০২৬ | আপডেট: ১২:২২ অপরাহ্ন, ২২ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পবিত্র হজ পালনের উদ্দেশে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ২০ হাজার ৫৫৩ জন হজযাত্রী। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৫১টি ফ্লাইটে তারা সেখানে পৌঁছান। এ সময় হজে গিয়ে একজন বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে।

বুধবার (২২ এপ্রিল) প্রকাশিত সর্বশেষ হজ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণি পর্যন্ত নেওয়ার পরিকল্পনা: ববি হাজ্জাজ

বুলেটিনের তথ্য অনুযায়ী, বুধবার রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনস-এর ১৯টি ফ্লাইটে ৭ হাজার ৮৫৫ জন, সৌদি এয়ারলাইনস-এর ১৮টি ফ্লাইটে ৭ হাজার ১৫ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনস-এর ১৪টি ফ্লাইটে ৫ হাজার ৬৯৩ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

এদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ২ হাজার ৮৩০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১৭ হাজার ৬৯৩ জন হজযাত্রী রয়েছেন।

আরও পড়ুন: ঢাকার ডিসি প্রত্যাহার, নতুন ডিসি ফরিদা খানম

এদিকে চলতি বছর হজ পালনে গিয়ে এখন পর্যন্ত একজন বাংলাদেশির মৃত্যু হয়েছে। জয়পুরহাট সদর উপজেলার বাসিন্দা নইম উদ্দীন মন্ডল (৭৫) সৌদি আরবে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

গত ১৮ এপ্রিল বাংলাদেশ থেকে হজের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। ওই দিন ৪১৯ জন হজযাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনস-এর প্রথম ডেডিকেটেড ফ্লাইট সৌদি আরবের উদ্দেশে যাত্রা করে। আগামী ২১ মে পর্যন্ত হজযাত্রী পরিবহনের ফ্লাইট চলবে।

পরবর্তীতে ৩০ মে থেকে হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হবে, যা চলবে ৩০ জুন পর্যন্ত।

চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজে যাবেন ৫ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজযাত্রী অংশ নেবেন।