দেশ গড়ার কাজে শ্রমিকদের পাশে থাকতে চাই: তারেক রহমান

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:০৬ অপরাহ্ন, ০১ মে ২০২৬ | আপডেট: ৭:০৬ অপরাহ্ন, ০১ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশ গড়াই মূল লক্ষ্য, আর সেই লক্ষ্য বাস্তবায়নে শ্রমিকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি বলেন, শ্রমিকরা বিভিন্ন খাতে কাজ করে দেশকে এগিয়ে নিচ্ছেন, আর তিনি নিজেও শ্রমিকদের সঙ্গে কাজ করতে চান।

শুক্রবার (১ মে) বিকেলে রাজধানীর নয়াপল্টনে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিক দল আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: স্বৈরাচাররা শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: তারেক রহমান

তারেক রহমান বলেন, শ্রমিকদের পরিবারের পাশে দাঁড়াতে ফ্যামিলি কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। একইসঙ্গে কৃষকদের জন্য ঋণ মওকুফ ও কৃষক কার্ড বাস্তবায়নের কাজ চলছে।

তিনি আরও বলেন, দেশের বেশিরভাগ মানুষ গ্রামে বসবাস করে, কিন্তু সেখানে পর্যাপ্ত পানি ও মৌলিক সেবা পৌঁছায় না। এ কারণে খাল খননসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

আরও পড়ুন: তারেক রহমান দেশ পুনর্গঠন করেছেন: মির্জা ফখরুল

প্রধানমন্ত্রী বলেন, শ্রমিক ও কৃষকের জীবনমান উন্নত করতে পারলেই দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব।

সমাবেশে তিনি অতীত সরকারের সমালোচনা করে বলেন, পূর্ববর্তী শাসনামলে শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অধিকার থেকে বঞ্চিত হয়েছেন এবং অর্থনীতি লুটপাটের শিকার হয়েছে।

তিনি বলেন, দায়িত্ব নেওয়ার পরপরই বন্ধ কল-কারখানা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে এবং ধাপে ধাপে সব কারখানা চালু করা হবে, যাতে শ্রমিকরা কর্মসংস্থানে ফিরতে পারেন।

শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা।