চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আগামীকাল মঙ্গলবার তিন দিনের সরকারি সফরে চীনের রাজধানী বেইজিংয়ের উদ্দেশে রওনা হচ্ছেন। ৫ থেকে ৭ মে পর্যন্ত এই সফর অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।
গত ফেব্রুয়ারিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বাধীন সরকার গঠনের পর এটি পররাষ্ট্রমন্ত্রীর প্রথম চীন সফর, যা দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব বহন করছে।
আরও পড়ুন: শিক্ষার্থীদের প্রযুক্তি, বিজ্ঞান ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হওয়ার আহ্বান পরিবেশ মন্ত্রীর
চীনা রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস-এর প্রতিবেদন অনুযায়ী, সফরকালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী তার চীনা সমকক্ষের সঙ্গে বৈঠক করবেন। এ বৈঠকে বৈশ্বিক পরিস্থিতি, জ্বালানি সংকট, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, উন্নয়ন প্রকল্প, পানি ব্যবস্থাপনা, প্রতিরক্ষা সহযোগিতা এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
একই দিনে তিনি চীনের উন্নয়ন বিষয়ক মন্ত্রীর সঙ্গেও বৈঠক করবেন। এছাড়া চীনের কমিউনিস্ট পার্টি-এর উচ্চ পর্যায়ের নেতাদের সঙ্গে মতবিনিময়ের কথাও রয়েছে।
আরও পড়ুন: বগুড়ার তিন ইউনিয়নের নাম পরিবর্তনে প্রধানমন্ত্রীর দপ্তরের নির্দেশনা, গণশুনানি হবে
বাংলাদেশের অন্যতম বৃহৎ উন্নয়ন অংশীদার হিসেবে চীনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে প্রেক্ষাপটে সফরকালে চীনের আর্থিক ও কারিগরি সহায়তায় বাস্তবায়নাধীন ‘তিস্তা রিভার কমপ্রিহেনসিভ ম্যানেজমেন্ট অ্যান্ড রেস্টোরেশন প্রজেক্ট’ নিয়ে অগ্রগতি আলোচনা হতে পারে।
এছাড়া, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্ভাব্য চীন সফরের বিষয়টিও আলোচনায় আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সফরসঙ্গী হিসেবে থাকছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির।





