এলজিইডির প্রকল্প বাস্তবায়নে গতি বাড়ানোর নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৬:০৪ অপরাহ্ন, ১২ মে ২০২৬ | আপডেট: ৬:০৪ অপরাহ্ন, ১২ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

২০২৫-২৬ অর্থবছরের এডিপিভুক্ত প্রকল্পসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর বিভিন্ন উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (১২ মে ২০২৬) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। সভায় এলজিইডির অধীনে চলমান বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি, কাজের গুণগত মান, ব্যয় ব্যবস্থাপনা এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প সম্পন্নের বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আরও পড়ুন: পরিবেশমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ উপ-হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

সভায় মন্ত্রী বলেন, জনগণের প্রত্যাশা পূরণে উন্নয়ন প্রকল্পসমূহ নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন করতে হবে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বশীলতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, জনগণের কষ্টার্জিত অর্থের সঠিক ও স্বচ্ছ ব্যবস্থাপনার মাধ্যমে জনকল্যাণমুখী ও টেকসই প্রকল্প গ্রহণ করতে হবে। উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সাধারণ মানুষ যেন সরাসরি উপকৃত হয়, সে বিষয়েও সংশ্লিষ্টদের নির্দেশনা দেন তিনি।

আরও পড়ুন: বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটকে শক্তিশালী ও স্বনির্ভর প্রতিষ্ঠানে রূপান্তর করা হবে: বাণিজ্যমন্ত্রী

মোঃ শহীদুল হাসান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং এলজিইডির বিভিন্ন উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালকরা সশরীরে ও ভার্চুয়ালি অংশগ্রহণ করেন।