দেশকে অর্থনৈতিকভাবে দুর্বল করে দেওয়া হয়েছিল: তারেক রহমান

Sadek Ali
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৮:০৩ অপরাহ্ন, ১৬ মে ২০২৬ | আপডেট: ৮:৫৬ অপরাহ্ন, ১৬ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গত ১৬ বছরে দেশের বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করা হয়েছে এবং এতে দেশের অর্থনীতি দুর্বল হয়ে পড়েছে।

শনিবার বিকেলে চাঁদপুর সদরের বিশ্বখাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: টেক্সটাইল খাতের টেকসই রূপান্তরে পণ্য বৈচিত্র্য ও উদ্ভাবনে জোর দিতে হবে : বস্ত্র ও পাটমন্ত্রী

তারেক রহমান বলেন, দেশের মানুষের সম্পদ বিদেশে পাচার করে অর্থনৈতিক কাঠামোকে ফোকলা করে দেওয়া হয়েছিল। পাশাপাশি প্রশাসনকে রাজনৈতিকভাবে ব্যবহার করে এর পেশাগত দক্ষতাও নষ্ট করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, দেশের চিকিৎসা ব্যবস্থাকেও দুর্বল করে ফেলা হয়েছিল এবং উন্নয়নের নামে জনগণের অর্থ তছরুপ করা হয়েছে।

আরও পড়ুন: নতুন প্রজন্মকে দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে আধুনিক শিক্ষার বিকল্প নেই: পার্বত্যমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ শুরু করেছে। তিনি বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচি ইতোমধ্যে চালু হয়েছে। একইভাবে খাল পুনঃখনন কার্যক্রমও শুরু হয়েছে। কৃষকদের স্বাবলম্বী করতে কৃষক কার্ড চালুর পরিকল্পনার কথাও জানান তিনি।

তারেক রহমান বলেন, খাল খনন কর্মসূচির মাধ্যমে গ্রাম ও শহর—উভয় এলাকার মানুষ উপকৃত হবে। জনগণের কল্যাণে নেওয়া প্রতিটি পরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলেও আশ্বাস দেন তিনি।

তিনি বলেন, “আমাদের রাজনীতি মানুষের ভাগ্য পরিবর্তনের রাজনীতি। প্রতিশ্রুতি রক্ষা করাই আমাদের লক্ষ্য।”

সরকারি উদ্যোগগুলোকে বাধাগ্রস্ত করতে একটি মহল বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে বলেও অভিযোগ করেন প্রধানমন্ত্রী। তিনি সাধারণ মানুষকে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।

তারেক রহমান বলেন, জনগণ সচেতন ছিল বলেই ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপিকে সমর্থন দিয়েছে। জনগণের দেওয়া দায়িত্ব বাস্তবায়নে সরকার কাজ করে যাবে এবং কোনো ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, জনগণই বিএনপির রাজনৈতিক শক্তির মূল উৎস। জনগণের সমর্থন থাকলে দেশের জন্য কাজ অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবীব দুলু, শিক্ষামন্ত্রী ড. এহসানুল হক মিলন এবং জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমদ মানিকসহ স্থানীয় নেতারা।