রাজধানীতে বাড়তি সতর্কতায় ডিএমপি
নিষিদ্ধঘোষিত সংগঠনের সম্ভাব্য তৎপরতা ঠেকাতে রাজধানীজুড়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে ঢাকা মহানগর পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্ট ও কার্যক্রম পর্যবেক্ষণের পাশাপাশি নগরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
শনিবার দিবাগত রাতে ডিএমপির এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, রাজধানীর সব থানাকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। নগরীর গুরুত্বপূর্ণ সড়ক, প্রবেশপথ ও অলিগলিতে অতিরিক্ত টহল এবং নজরদারি বাড়ানো হয়েছে।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ধানমণ্ডি ও গুলশান লেকের সংস্কার ও উন্নয়ন এবং এসটিপি-সংক্রান্ত বৈঠক
পুলিশ সূত্রে জানা গেছে, ১৭ মে উপলক্ষে নিষিদ্ধঘোষিত একটি সংগঠনের পক্ষ থেকে কর্মসূচির আশঙ্কা রয়েছে। এ কারণে যেকোনো ধরনের নাশকতা, অবৈধ সমাবেশ বা অপতৎপরতা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে।
এরই মধ্যে রাজধানীর বনানী এলাকায় অভিযান চালিয়ে পোস্টার ও লিফলেটসহ মো. আশিক তপেদার নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার ভোরে ঢাকা-ময়মনসিংহ সড়ক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে ডিএমপি।
আরও পড়ুন: ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী
ঢাকা মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার এস এন নজরুল ইসলাম বলেন, কোনো নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম বা উসকানিমূলক প্রচারণা যেন আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে না পারে, সে বিষয়ে পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে।
তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম বিশেষ করে ফেসবুকে বিভিন্ন ধরনের তৎপরতা নজরে আসছে। যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।





