পুশইন ও চামড়া পাচার ঠেকাতে সীমান্তে বাড়তি নজরদারিতে বিজিবি

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ২:১১ অপরাহ্ন, ২৯ মে ২০২৬ | আপডেট: ১২:২৮ অপরাহ্ন, ৩১ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে যশোর ও খুলনার সীমান্ত এলাকায় চোরাচালান, পুশইন এবং কোরবানির পশুর চামড়া পাচার ঠেকাতে কঠোর নজরদারিতে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ঈদ-পরবর্তী সময়ে সীমান্তকেন্দ্রিক যেকোনো অপরাধ প্রতিরোধেও টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।

শুক্রবার (২৮ মে) বিষয়টি নিশ্চিত করেছেন যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান।

আরও পড়ুন: ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে বার্ষিক বিজ্ঞান মেলার আসর ঘোষণা জেডআরএফ-এর

তিনি জানান, ঈদুল আজহায় বিপুল পরিমাণ পশু কোরবানির কারণে প্রতিবছরের মতো এবারও চামড়া পাচারের আশঙ্কা রয়েছে। এ কারণে সীমান্ত দিয়ে যাতে কোনোভাবেই কোরবানির পশুর চামড়া ভারতে পাচার না হতে পারে, সে লক্ষ্যে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন।

তিনি আরও বলেন, বিশেষ করে রাতের টহল বাড়ানো হয়েছে। পাশাপাশি সীমান্তবর্তী এলাকাগুলোতে মাইকিং করে স্থানীয় জনগণকে সচেতন করা হচ্ছে।

আরও পড়ুন: ৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের ৪র্থ কমিটি গঠন, সভাপতি তাছবীর হোসেন ও সাধারণ সম্পাদক শফিক

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, পুশইন, চামড়া পাচার, মাদক এবং অন্যান্য চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকায় সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে। একই সঙ্গে সীমান্তজুড়ে টহল কার্যক্রমও জোরদার করা হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যমতে, ঈদকে সামনে রেখে যশোরের বিভিন্ন সীমান্ত পথকে চামড়া পাচারের ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। বিশেষ করে শার্শা উপজেলার ১০২ কিলোমিটার সীমান্তের কাশিপুর, শালকোনা, শিকারপুর, ধান্যখোলা, রঘুনাথপুর, বেনাপোলের পুটখালি, দৌলতপুর, সাদিপুর, ঘিবা, গোগা, রুদ্রপুর, অগ্রভুলোট, পাঁচভুলোট ও দাদখালি সীমান্ত এলাকায় বাড়তি সতর্কতা গ্রহণ করা হয়েছে।