জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের অভয়ারণ্য থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:২৮ অপরাহ্ন, ৩১ মে ২০২৬ | আপডেট: ১:৪৮ অপরাহ্ন, ৩১ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায় সন্ত্রাসীদের কোনো অভয়ারণ্য থাকতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, আলীনগর-জঙ্গল সলিমপুর অঞ্চলকে বিচ্ছিন্ন সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে আর থাকতে দেওয়া হবে না। রোববার (৩১ মে) সকালে জঙ্গল সলিমপুর পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জঙ্গল সলিমপুরের আশপাশের বেতুয়া ও চাবাগান পাহাড়ি এলাকাতেও সন্ত্রাসীদের আনাগোনার তথ্য পেয়েছে সরকার। এসব এলাকা থেকেও সন্ত্রাসীদের উচ্ছেদে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: জিয়ার শাহাদত বার্ষিকীতে পুলিশ সার্ভিস এসোসিয়েশনের শ্রদ্ধা নিবেদন

তিনি বলেন, সারা দেশে মাদক, সন্ত্রাস, জুয়া ও চাঁদাবাজির বিরুদ্ধে যৌথ ও পরিকল্পিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এসব অপরাধ দমনে আইনি কাঠামো আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, বর্তমানে প্রচলিত ১৮৬৭ সালের জুয়া আইন আধুনিক সময়ের অনলাইন ও অফলাইন জুয়া, বেটিং এবং অন্যান্য নতুন ধরনের জুয়া নিয়ন্ত্রণে যথেষ্ট নয়। তাই আইনটি সংশোধন করে নতুন আইনি কাঠামো প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুন: আদ-দ্বীন হাসপাতালে বেকারির সন্ধান, ক্ষোভ প্রকাশ স্বাস্থ্যমন্ত্রীর

তিনি জানান, আগামী সংসদ অধিবেশনেই এ সংক্রান্ত আইন সংস্কারের প্রস্তাব আনার চেষ্টা করা হবে, যাতে অনলাইন জুয়াসহ সব ধরনের অবৈধ জুয়ার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া যায়।

মাদক নিয়ন্ত্রণ আইনেও পরিবর্তন আনার পরিকল্পনার কথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদক মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগ নেওয়া হবে। বর্তমানে দেশের বিভিন্ন আদালতে হাজার হাজার মাদক মামলা বছরের পর বছর ঝুলে আছে।

তিনি আরও বলেন, কিশোর গ্যাংয়ের ক্রমবর্ধমান তৎপরতা নিয়ন্ত্রণে আইন সংস্কার প্রয়োজন। বিদ্যমান আইনের কিছু সুবিধা ব্যবহার করে অনেক কিশোর অপরাধী সংঘবদ্ধ অপরাধে জড়িয়ে পড়ছে, যা উদ্বেগজনক।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "কিশোর গ্যাংয়ের সদস্যরা অনেক ক্ষেত্রে ভয়ংকর সন্ত্রাসীতে পরিণত হচ্ছে। তাই জননিরাপত্তা নিশ্চিত করতে এবং আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে প্রয়োজনীয় সংস্কার আনা হবে।"

তিনি আশাবাদ ব্যক্ত করেন, জনগণকে সঙ্গে নিয়ে সরকার সন্ত্রাস, মাদক, জুয়া ও চাঁদাবাজিমুক্ত সমাজ গঠনে সফল হবে।