প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের প্রস্তাব নাকচ করলেন প্রধানমন্ত্রী

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১০:১৭ অপরাহ্ন, ০২ জুন ২০২৬ | আপডেট: ১০:২৫ পূর্বাহ্ন, ০৩ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত একটি সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের নাম পরিবর্তন করে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে নামকরণের প্রস্তাব অনুমোদন করেননি প্রধানমন্ত্রী তারেক রহমান। বিদ্যমান প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের পরিবর্তে নতুন কোনো প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে সেখানে নামকরণের বিষয় বিবেচনার পরামর্শ দিয়েছেন তিনি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্প্রতি কেরানীগঞ্জের হযরতপুরে অবস্থিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটির নাম পরিবর্তনের একটি প্রস্তাব প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠায়। ২০০৬ সালে প্রতিষ্ঠিত কেন্দ্রটি বর্তমানে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)-এর অধীনে পরিচালিত হচ্ছে।

আরও পড়ুন: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্র জানায়, ঈদুল আজহার আগে পাঠানো ওই প্রস্তাবে কেন্দ্রটির নাম সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে করার সুপারিশ করা হয়েছিল। তবে মঙ্গলবার (২ জুন) প্রধানমন্ত্রী এ প্রস্তাবে সম্মতি দেননি।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী মত দিয়েছেন যে, নতুন নাম সংযুক্ত করার প্রয়োজন হলে নতুন কোনো প্রতিষ্ঠান প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া যেতে পারে। বিদ্যমান প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের পরিবর্তে নতুন প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যক্তিবিশেষকে সম্মাননা প্রদান অধিকতর উপযুক্ত হবে।

আরও পড়ুন: পদত্যাগের পর বঙ্গভবনের চারপাশে উৎসুক জনতার ভিড়

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, নোটে প্রধানমন্ত্রী স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে নতুন নামকরণের প্রয়োজন হলে নতুন প্রতিষ্ঠান প্রতিষ্ঠার বিষয়টি বিবেচনা করা যেতে পারে।

এদিকে এর আগে সরকারি অর্থায়নে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেনসহ পাঁচ কর্মকর্তার যুক্তরাষ্ট্র সফরের একটি প্রস্তাবও অনুমোদন করেননি প্রধানমন্ত্রী। মশা নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা বিষয়ে অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে ফ্লোরিডা সফরের প্রস্তাবের বিষয়ে তিনি মত দেন, দেশের বাস্তব পরিস্থিতি পর্যবেক্ষণ ও স্থানীয় অভিজ্ঞতার ভিত্তিতেও কার্যকর সমাধান বের করা সম্ভব।