৪০ জেলায় তাপপ্রবাহ, বাড়ছে জনদুর্ভোগ
বর্ষা মৌসুম শুরু হলেও চলতি জুন মাসে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাত এবং একাধিক তাপপ্রবাহের আশঙ্কার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির দীর্ঘমেয়াদি পূর্বাভাস অনুযায়ী, মাসজুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে এবং কোথাও কোথাও তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছাতে পারে।
সোমবার প্রকাশিত জুন মাসের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে দুই থেকে তিনটি মৃদু বা মাঝারি তাপপ্রবাহ দেখা দিতে পারে। বর্তমানে দেশের ৪০টিরও বেশি জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা জনজীবনে অস্বস্তি বাড়িয়ে তুলেছে।
আরও পড়ুন: চীনে বিশেষ প্রশিক্ষণে অংশ নিচ্ছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৫ কর্মকর্তা
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, জুন মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি থাকতে পারে। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরমও অব্যাহত থাকতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, মাসের প্রথমার্ধে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু দেশের বিভিন্ন অঞ্চলে বিস্তার লাভ করলেও বৃষ্টিপাত স্বাভাবিকের তুলনায় কম হতে পারে। তবে এ সময়ে পাঁচ থেকে সাত দিন হালকা থেকে মাঝারি ধরনের বজ্রঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
এদিকে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।
আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানিয়েছেন, চলমান তাপপ্রবাহসহ জুন মাসে আরও কয়েক দফা তাপপ্রবাহ বয়ে যেতে পারে। বৃষ্টিপাত কম হওয়ার কারণে তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে বেশি থাকার সম্ভাবনা রয়েছে।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খুলনায়, ৩৮ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
তবে কিছুটা স্বস্তির খবরও রয়েছে। আবহাওয়াবিদদের মতে, ৪ জুনের পর থেকে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। ৫ জুনের দিকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় হয়ে দেশের বিভিন্ন অঞ্চলে বর্ষার পরিবেশ সৃষ্টি করতে পারে।
এদিকে আগামী দুই দিন দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে সপ্তাহের শেষভাগে বৃষ্টিপাতের পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে।





