দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:৪৮ পূর্বাহ্ন, ০৪ জুন ২০২৬ | আপডেট: ১২:৪১ অপরাহ্ন, ০৬ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ার পর দেশে ফিরেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বৃহস্পতিবার (৪ জুন) তিনি দেশে পৌঁছান।

গত ২ জুন নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ভোটে সদস্য রাষ্ট্রগুলোর সমর্থন পেয়ে তিনি এই মর্যাদাপূর্ণ পদে নির্বাচিত হন। ভোটগ্রহণে জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্র অংশ নেয়। এতে ড. খলিলুর রহমান ৯৯ ভোট পেয়ে বিজয়ী হন।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে রিহ্যাব প্রতিনিধিদলের বৈঠক, পরিকল্পিত নগরায়ণ ও আবাসন খাতের উন্নয়নে বিভিন্ন প্রস্তাব

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকোরিস। তিনি ৯১ ভোট লাভ করেন।

বাংলাদেশের পক্ষ থেকে এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক পদে নির্বাচিত হওয়ার লক্ষ্যে গত কয়েক মাস ধরে ব্যাপক কূটনৈতিক তৎপরতা চালানো হয়। বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ ও সমর্থন আদায়ের প্রচেষ্টার ফল হিসেবে এই সাফল্য অর্জিত হয়েছে বলে কূটনৈতিক মহল মনে করছে।

আরও পড়ুন: ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প একনেক সভায় অনুমোদন

নির্বাচিত হওয়ার মাধ্যমে ড. খলিলুর রহমান আগামী এক বছর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করবেন। এ দায়িত্বে তিনি জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের স্থলাভিষিক্ত হবেন।

বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বহুপাক্ষিক ফোরামগুলোর একটি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব লাভকে বাংলাদেশের জন্য একটি উল্লেখযোগ্য কূটনৈতিক অর্জন হিসেবে দেখা হচ্ছে।