সরকারের প্রথম ১০০ দিনে ৬০৫ খুন, ১৯৬ অপহরণ: টিআইবি

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:৫৫ অপরাহ্ন, ০৭ জুন ২০২৬ | আপডেট: ৬:৪৪ অপরাহ্ন, ০৭ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সরকারের প্রথম ১০০ দিনে দেশে হত্যা, অপহরণ, ডাকাতি, ছিনতাই, চুরি এবং নারী-শিশু নির্যাতনের ঘটনা উদ্বেগজনক হারে ঘটেছে বলে দাবি করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটির তথ্যমতে, এ সময়ে দেশে ৬০৫টি খুন এবং ১৯৬টি অপহরণের ঘটনা ঘটেছে। রোববার (৭ জুন) রাজধানীর ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয়।

টিআইবির প্রকাশিত প্রতিবেদনের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের মার্চ ও এপ্রিল মাসে দেশে মোট ৬০৫টি খুন, ২৯৪টি ছিনতাই, ৯০টি ডাকাতি এবং ১৯৬টি অপহরণের ঘটনা ঘটেছে। একই সময়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে ১২৯টি এবং চুরির ঘটনা ঘটেছে ২ হাজার ২১৪টি।

আরও পড়ুন: রামিসা হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে উদ্যোগ, ডেথ রেফারেন্স এগিয়ে আনার কথা স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রতিবেদনে আরও বলা হয়, আলোচিত সময়ে নারী ও শিশু নির্যাতনের ঘটনা ছিল ৩ হাজার ৪৯৬টি। পাশাপাশি ধর্ষণের শিকার হয়েছেন ৭৮ থেকে ১০২ জন, গণধর্ষণের শিকার ৩০ থেকে ৩৬ জন এবং ধর্ষণের শিকার শিশু ৪৯ থেকে ৭১ জন।

সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, বর্তমান সরকারের প্রথম ১০০ দিনে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে নাজুক ছিল। খুন, ডাকাতি, চুরি, ছিনতাই, ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন, লুটপাট ও অরাজকতার ঘটনা অব্যাহত রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন: হজ শেষে দেশে ফিরেছেন ৩৭ হাজারের বেশি হাজি

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে অপরাধ নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

টিআইবির এ প্রতিবেদন প্রকাশের পর দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি এবং অপরাধ প্রবণতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।