সৌদিতে মৃত্যু ৪৮ বাংলাদেশির

হজ শেষে দেশে ফিরেছেন ৩৭ হাজারের বেশি হাজি

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:২৬ অপরাহ্ন, ০৭ জুন ২০২৬ | আপডেট: ১:২৬ অপরাহ্ন, ০৭ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে এখন পর্যন্ত ৩৭ হাজার ৪৩৫ জন বাংলাদেশি হাজি দেশে ফিরেছেন। অন্যদিকে হজ পালন করতে গিয়ে সৌদি আরবের বিভিন্ন স্থানে ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত ৪৮ জন বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। বর্তমানে দেশটির বিভিন্ন হাসপাতালে আরও ২২ জন হাজি চিকিৎসাধীন রয়েছেন।

ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্প ডেস্ক প্রকাশিত সর্বশেষ দৈনিক বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: রক্তমাখা জাতীয় পতাকা প্রধানমন্ত্রীর হাতে তুলে দিলেন জুলাই আন্দোলনে আহত শেখ আজিজুর

বুলেটিনের তথ্য অনুযায়ী, মোট ৮৯টি ফিরতি ফ্লাইটে এসব হাজি দেশে ফিরেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৩ হাজার ৩২৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৩৪ হাজার ১০৭ জন।

ফিরতি যাত্রী পরিবহনে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১৪ হাজার ৬০ জন, সৌদি এয়ারলাইনস ১৪ হাজার ২৪১ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনস ৭ হাজার ৭০০ জন হাজিকে দেশে ফিরিয়ে এনেছে।

আরও পড়ুন: ভোল পাল্টে এখন সবাই জুলাইযোদ্ধা: মির্জা ফখরুলের

পরিচালিত ৮৯টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালনা করেছে ৩৪টি, সৌদি এয়ারলাইনস ৩৫টি এবং ফ্লাইনাস পরিচালনা করেছে ২০টি ফ্লাইট।

এদিকে, সৌদি আরবে এ পর্যন্ত মারা যাওয়া ৪৮ জন বাংলাদেশি হাজির মধ্যে ৩২ জন পুরুষ এবং ১৬ জন নারী। মৃত্যুর স্থানভিত্তিক হিসাবে পবিত্র মক্কায় ৩৫ জন, মদিনায় ১২ জন এবং জেদ্দায় একজন মারা গেছেন।

হজ বুলেটিনে আরও জানানো হয়, সৌদি আরবের বিভিন্ন স্থানীয় হাসপাতালে এ পর্যন্ত ৩৯৮ জন বাংলাদেশি হাজি প্রাথমিক ও জরুরি চিকিৎসাসেবা নিয়েছেন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ২২ জন।

চলতি বছর বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জনসহ মোট ৭৮ হাজার ৫০০ জনের হজ কোটা নির্ধারণ করা হয়েছিল।

হজযাত্রীদের সৌদি আরবগামী প্রথম ফ্লাইট গত ১৮ এপ্রিল পরিচালিত হয় এবং শেষ ফ্লাইট ঢাকা ত্যাগ করে ২১ মে। বর্তমানে হাজিদের দেশে ফিরিয়ে আনার কার্যক্রম চলমান রয়েছে।