দোকানপাট ও শপিংমল খোলা রাখার সময় বাড়ালো সরকার

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:৫৮ অপরাহ্ন, ১১ জুন ২০২৬ | আপডেট: ৪:৫৮ অপরাহ্ন, ১১ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে দোকানপাট ও বিপণিবিতান খোলা রাখার সময়সীমা বৃদ্ধি করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত দোকানপাট ও শপিংমল খোলা রাখা যাবে।

বৃহস্পতিবার (১১ জুন) বাংলাদেশ দোকান মালিক সমিতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আরও পড়ুন: নিহতদের পাঁচজন বাংলাদেশি, চারজন একই পরিবারের সদস্য: পররাষ্ট্র মন্ত্রণালয়

সমিতির পক্ষ থেকে জানানো হয়, দুপুরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ মোবাইল ফোনে সংগঠনের সভাপতি মো. হেলাল উদ্দিনকে সরকারের এ সিদ্ধান্তের কথা অবহিত করেন। সিদ্ধান্তটি তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে বলেও জানানো হয়।

নতুন সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে দোকান মালিক সমিতির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন।

আরও পড়ুন: হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট

এর আগে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি এবং বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব মোকাবিলায় সরকার বিভিন্ন খাতে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়মূলক পদক্ষেপ গ্রহণ করে। সেই ধারাবাহিকতায় গত ২ এপ্রিল মন্ত্রিসভার বৈঠকে সরকারি ও বেসরকারি অফিসের কার্যক্রমের সময় এক ঘণ্টা কমানোর পাশাপাশি দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

পরে ব্যবসায়ীদের অনুরোধে সময়সীমা কিছুটা শিথিল করে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হয়। ঈদুল আজহাকে কেন্দ্র করে সাময়িকভাবে আরও ছাড় দেওয়া হলেও ঈদের পর আবার আগের সময়সূচি কার্যকর করা হয়।

তবে ব্যবসায়ীরা ধারাবাহিকভাবে দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত দোকানপাট ও বিপণিবিতান খোলা রাখার দাবি জানিয়ে আসছিলেন। তাদের সেই দাবির পরিপ্রেক্ষিতে সরকার নতুন সময়সূচি নির্ধারণ করেছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশের সব দোকানপাট ও বিপণিবিতান এখন সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা রাখা যাবে।