বললেন ভারতের নতুন হাইকমিশনার

‘বাংলাদেশ ও ভারত দুই গণতান্ত্রিক দেশ ঐক্যবদ্ধ থাকলে বিশ্বশক্তিতে পরিণত হবে’

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৬:৩৯ অপরাহ্ন, ১২ জুন ২০২৬ | আপডেট: ৬:৩৯ অপরাহ্ন, ১২ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ ও ভারতের সম্মিলিত জনশক্তি বিশ্বপরিসরে একটি বড় শক্তিতে পরিণত হতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দিনেশ ত্রিবেদী। তিনি বলেছেন, দুই প্রতিবেশী দেশের জনসংখ্যা, প্রতিভা ও সক্ষমতাকে একত্রিত করা গেলে তা আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।

শুক্রবার (১২ জুন) বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশের পর গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

আরও পড়ুন: নতুন বাজেট বাস্তবায়নের মাধ্যমে দ্রুত ঘুরে দাঁড়াবে দেশের অর্থনীতি: ফখরুল

দিনেশ ত্রিবেদী বলেন, ভারতের প্রায় ১৪০ কোটি এবং বাংলাদেশের ২০ কোটি মানুষের সম্মিলিত শক্তি বিশ্বের অন্যতম বৃহৎ মানবসম্পদে পরিণত হতে পারে। এই সম্ভাবনাকে কাজে লাগাতে দুই দেশের মধ্যে সহযোগিতা ও পারস্পরিক আস্থা আরও জোরদার করা প্রয়োজন।

তিনি বলেন, শুধুমাত্র একটি দেশের শক্তি যথেষ্ট নয়; বরং দুই দেশের সম্মিলিত সক্ষমতাই প্রকৃত শক্তি। সেই শক্তিকে বিশ্ববাসীর সামনে তুলে ধরতে শিক্ষা, প্রযুক্তি, স্বাস্থ্যসেবা ও ক্রীড়াসহ বিভিন্ন খাতে যৌথ উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

আরও পড়ুন: বাজেটে কালো টাকা সাদা করার কোনো সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান

নবনিযুক্ত হাইকমিশনার আরও জানান, দুই দেশের তরুণদের মেধা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য নতুন সুযোগ সৃষ্টি করা সম্ভব। এ ক্ষেত্রে প্রযুক্তি, স্বাস্থ্য ও খেলাধুলা খাতকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

সীমান্তে ‘পুশইন’ ইস্যু, ভ্রমণসংক্রান্ত বিধিনিষেধ এবং দ্বিপাক্ষিক বাণিজ্য প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ ও ভারত ভৌগোলিক, সাংস্কৃতিক এবং ঐতিহাসিকভাবে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। উভয় দেশের জনগণের কল্যাণে ভবিষ্যতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।

বাংলাদেশে আগমনের সময় নোম্যান্সল্যান্ড এলাকায় তাকে স্বাগত জানান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা, ভারতীয় হাইকমিশনের প্রতিনিধি এবং বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের সদস্যরা। এ সময় তার সহধর্মিণী মৃণাল ত্রিবেদীও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত এপ্রিল মাসে ভারত সরকার সাবেক কেন্দ্রীয় রেলমন্ত্রী ও বিজেপি নেতা দিনেশ ত্রিবেদীকে বাংলাদেশে দেশটির হাইকমিশনার হিসেবে নিয়োগ দেয়। দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ইতিহাসে এটিই প্রথম ঘটনা, যখন একজন সক্রিয় রাজনৈতিক ব্যক্তিত্বকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

তিনি সাবেক হাইকমিশনার প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হয়েছেন। প্রণয় ভার্মা বর্তমানে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন।