গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করবে সরকার: তথ্যমন্ত্রী

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:৪২ অপরাহ্ন, ১৮ জুন ২০২৬ | আপডেট: ৩:১৫ অপরাহ্ন, ১৮ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা আরও শক্তিশালী করতে সব অংশীজনকে সম্পৃক্ত করে সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। পাশাপাশি তিনি বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতেও সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

বৃহস্পতিবার (১৮ জুন) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতীয় গণমাধ্যম কমিশনের রূপরেখা প্রণয়নের লক্ষ্যে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাসের সাঁড়াশি অভিযান, জরিমানা আদায়

তথ্যমন্ত্রী বলেন, একটি কার্যকর ও অংশগ্রহণমূলক গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের জন্য সব পক্ষের মতামত ও অংশগ্রহণ নিশ্চিত করা হবে। এ প্রক্রিয়ায় সরকার সমন্বয়কের ভূমিকা পালন করবে।

তিনি বলেন, “প্রথমবারের মতো গণমাধ্যম খাতের সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষকে একটি প্ল্যাটফর্মে আনা সম্ভব হয়েছে। এটি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এর মাধ্যমে ভবিষ্যতের জন্য সুস্পষ্ট কর্মপরিকল্পনা ও নীতিগত রূপরেখা প্রণয়ন সহজ হবে।”

আরও পড়ুন: মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী

জহির উদ্দিন স্বপন আরও বলেন, গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীলতা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এ খাতের সংস্কার কার্যক্রমে সংশ্লিষ্ট অংশীজনদের মতামত ও পরামর্শকে গুরুত্ব দেওয়া হবে।

কর্মশালায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানই ভুলের ঊর্ধ্বে নয়। তাই দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সরকারের ত্রুটি-বিচ্যুতি তুলে ধরা প্রয়োজন, যাতে সেগুলো সংশোধনের সুযোগ তৈরি হয়।

তিনি আরও বলেন, সমালোচনা অবশ্যই তথ্যনির্ভর ও জনস্বার্থসংশ্লিষ্ট হওয়া উচিত। এতে গণমাধ্যম ও সরকারের মধ্যে জবাবদিহিতা, স্বচ্ছতা এবং পারস্পরিক আস্থা আরও বৃদ্ধি পাবে।

কর্মশালায় জাতীয় গণমাধ্যম কমিশনের সম্ভাব্য কাঠামো, সম্পাদকীয় স্বাধীনতা, জবাবদিহিতা এবং গণমাধ্যম সংস্কার নিয়ে অংশগ্রহণকারীরা বিভিন্ন মতামত ও সুপারিশ তুলে ধরেন।